অধিনায়কই জেতালেন ফরাশগঞ্জকে
অধিনায়কোচিত খেলাই খেললেন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আরাফাত আলী (রনি)। তাঁর দেওয়া একমাত্র গোলেই কাল ফেনী ভাষাশহীদ সালাম স্টেডিয়াম থেকে জয় নিয়ে ফিরল তাঁর দল। খেলার দ্বিতীয়ার্ধে প্রায় একক নৈপুণ্যে গোল করেছেন আরাফাত। ৬৫ মিনিটের সময় রক্ষণভাগ থেকে বল নিয়ে চলে যান প্রতিপক্ষ ফেনী সকার ক্লাবের গোল পোস্টের সামনে। সতীর্থ স্ট্রাইকার সবুজকে দিয়ে সরে যান পাশে। সবুজই বল দেন তাঁকে, আর সেই বলে টোকা দিয়ে ঠেলে দেন জালে (১-০)। শেষ পর্যন্ত এই গোলটি ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাশগঞ্জ। এই জয়ে বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকায় ফেনী সকার ক্লাবের পাশে দাঁড়াল ফেনী সকার। ৮ ম্যাচ শেষে দু দলেরই হাতে এখন ৯ পয়েন্ট। খেলার শুরু থেকেই মাঠে ফরাশগঞ্জের খেলোয়াড়দের দাপটের কাছে গুটিয়ে ছিল ফেনী সকার। তবে খেলার প্রথমার্ধ কোনোমতে গোল ঠেকাতে পারলেও দ্বিতীয়ার্ধে পারেনি স্বাগতিক দল। ফরাশগঞ্জের অধিনায়ক আরাফাতের কাছেই তারা হেরে গেছে। খেলার দুই অর্ধেই ফেনী সকারের স্ট্রাইকাররা কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিতি ছিল। কিন্তু স্বাগতিক দলের খেলা দেখে হতাশা ছাড়া কোনো প্রাপ্তিই ছিল না তাদের। ওই একটা মাত্র গোল ছাড়া প্রতিপক্ষ ঢাকার দলটির খেলাও ছিল বিরক্তিকর। ফরাশগঞ্জ: তিতুমির, এমেকা, রেজাউল, আরাফাত আলী, ইমরোজ, মেজবাবুল (ধীমান), ইসমাইল, হীরক, ইমতিয়াজ সুলতান, তৌহিদুল, কালু জনসন।ফেনী সকার: তুহান, শিপন, মিন্টু, কাবা, লিটন, অসিফ, রাজু (ইকবাল), তাবিথ (অধিনায়ক), আনোয়ার, জাহাঙ্গীর, আমিরুল (ইমরুল)।