অধিনায়কত্ব ইস্যু পাকিস্তান দলে বিভক্তি ডেকে আনবে: ইনজামাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়কের নাম ছাড়াই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের পাকিস্তানের চূড়ান্ত দলটা অবাক করে দিয়েছে সবাইকেই। বিশ্বকাপ শুরুর আর মাত্র ২৫ দিন বাকি। এখনো অধিনায়ক নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই ব্যাপারটা বিশ্বকাপের জন্য খুবই খারাপ ফল বয়ে আনবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।সবকিছু আসলে ঠিকঠাকই ছিল। ‘ঝামেলা’টা বাধিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে শহীদ আফ্রিদির নেতৃত্বেই বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে মিসবাহ এতটাই ভালো খেলেছেন যে নতুন করে ভাবতে শুরু করেছেন পিসিবি ও পাকিস্তানের নির্বাচক কমিটির সদস্যরা। শহীদ আফ্রিদি যদিও বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, তিনি অধিনায়কত্ব নিয়ে মোটেই ভাবছেন না, কিন্তু তার পরও এই সিদ্ধান্তহীনতা পাকিস্তান দলের একতা নষ্ট করবে বলে মন্তব্য করেছেন ইনজামাম। পাকিস্তানি দৈনিক ‘জং’কে দেওয়া এক সাক্ষাত্কারে ইনজামাম বলেছেন, ‘বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগেও অধিনায়কের নাম ঘোষণা না করে পিসিবি দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। আমি বুঝতেই পারছি না তারা কী করার চেষ্টা করছে। এ রকম পরিস্থিতিতে বিশ্বকাপে পাকিস্তান ভালো কিছু করতে পারবে, আমি এ রকম আশা করতে পারছি না।’পূর্ব অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে পিসিবিকে সাবধানও করে দিয়েছেন ইনজামাম, ‘অনেকেরই হয়তো মনে থাকার কথা, ২০০৩ বিশ্বকাপের সময়ও ওয়াকার ইউনুস নাকি ওয়াসিম আকরাম, কাকে অধিনায়ক করা হবে তা নিয়ে সংশয়ে ছিল পিসিবি। আর ইনজামাম স্বীকার করেছেন, এই সিদ্ধান্তহীনতার ফলে সে সময় পাকিস্তান দলের একতা-শৃঙ্খলা নষ্ট হয়েছিল। বিশ্বকাপেও পাকিস্তান ভালো পারফরমেন্স দেখাতে পারেনি।’ সেই ইতিহাস আবার স্মরণ করিয়ে দিয়ে ইনজামাম বলেছেন, ‘এই সময়ে অধিনায়ক পরিবর্তন করাটা দলের জন্য সর্বনাশ ডেকে আনবে। ২০০৩ সালেও আমরা এ ধরনের পরিস্থিতিতে পড়েছিলাম। ওয়াকার ছিল নিয়মিত অধিনায়ক। কিন্তু ওয়াসিম আকরামের কাছে সেই দায়িত্বটা হস্তান্তর করার কথাবার্তা চলছিল। এর ফলে পুরো দলটিই দুইটি দলে ভাগ হয়ে গিয়েছিল এবং আমরা বিশ্বকাপে খুবই খারাপ করেছিলাম। আমি আশা করছি, যেন এবারও সে রকম কোনো কিছুর পুনরাবৃত্তি না হয়।’পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই জটিলতার জন্য শেষ পর্যন্ত খেলোয়াড়েরাই ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন ইনজামাম। বোর্ডের এই আচরণে চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘বোর্ড প্রশাসনিকভাবে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এটা খুবই হতাশাজনক। আর এর জন্য যদি খেলোয়াড়েরা বিশ্বকাপে ভালো না খেলতে পারে, তাহলে তার পুরো দায়টা কিন্তু শেষ পর্যন্ত খেলোয়াড়দের ঘাড়েই আসবে। কারও কারও ক্ষেত্রে হয়তো শেষ হয়ে যাবে ক্যারিয়ারটাই।’ ওয়েবসাইট