অধিনায়কত্ব ও রক্ষণভাগ নিয়ে সমস্যায় ক্যাপেলো
ইংল্যান্ড দলের অধিনায়কত্বের হস্তবন্ধনী কার হাতে বেঁধে দেবেন, তা নিয়ে দারুণ উত্কণ্ঠার ভেতর দিয়ে যেতে হচ্ছে কোচ ফ্যাবিও ক্যাপেলোকে। অনেকে ইংলিশ অধিনায়কত্বকে ‘অভিশাপ’ হিসেবে আখ্যায়িত করতেও দ্বিধাবোধ করছে না। জন টেরিকে প্রথমে অধিনায়ক হিসেবে মনোনীত করার পর নানা বিতর্কে অধিনায়কত্ব হারিয়েছেন টেরি। টেরির পর রিও ফার্ডিন্যান্দের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে যাওয়া প্রায় নিশ্চিত থাকলেও শুক্রবার খবর এসেছে, হাঁটুর আঘাতের কারণে তিনি বিশ্বকাপই খেলতে পারবেন না। ফার্ডিন্যান্দ বিশ্বকাপ দল থেকে বিদায় নেওয়ার পর ফ্যাবিও ক্যাপেলোকে দলের অনুশীলনের চেয়ে অধিনায়ক নির্বাচনের মতো একটি ‘দাপ্তরিক’ অথচ গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহেরও কম সময় বাকি থাকতে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ডের কোনো অধিনায়ক নেই—ব্যাপারটি নিশ্চয়ই চোখের জন্য সুখকর নয়।বিশ্বকাপের দায়িত্বে থাকা কোনো ইংল্যান্ড অধিনায়কের বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়া কিংবা ইনজুরিতে আক্রান্ত হওয়া অবশ্য নতুন কোনো ঘটনা নয়; বরং তালিকাটা বেশ দীর্ঘই। এর আগে ১৯৮২ সালের বিশ্বকাপে মাত্র ২৬ মিনিট খেলতে পেরেছিলেন অধিনায়ক কেভিন কিগ্যান। পিঠে আঘাত পাওয়ায় কিগ্যানকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল। ’৮৬-র বিশ্বকাপে কাঁধের সমস্যার কারণে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের পর আর খেলতে পারেননি ব্রায়ান রবসন। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপের আগেও ডেভিড বেকহাম ইনজুরিতে পড়েছিলেন। পুরোপুরি ফিট না থাকার কারণেই এই দুই বিশ্বকাপে বেকহামের সত্যিকারের পারফরম্যান্স থেকে বঞ্চিত হয়েছিল ইংলিশ দল।এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই ম্যাচের আগে ম্যাচ নিয়ে না ভেবে ক্যাপেলোকে ভাবতে হচ্ছে অধিনায়ক নির্বাচনকে নিয়ে। পুরো ব্যাপারটিতে দারুণ বিরক্ত ও হতাশ ক্যাপেলো। ‘রিও ফার্ডিন্যান্দের এই দুর্ভাগ্যজনক ইনজুরি পুরো দলকেই মুষড়ে দিয়েছে।’ তিনি ফার্ডিন্যান্দের ইনজুরির ধরনকেও নিতান্তই দুর্ঘটনাজনিত আঘাত হিসেবে অভিহিত করেছেন। ফ্যাবিও ক্যাপেলো ইতিমধ্যেই টটেনহাম হটসপারের ডিফেন্ডার মাইকেল ডওসনকে রিও ফার্ডিন্যান্দের বদলি হিসেবে ইংল্যান্ড দলে ডেকেছেন।অধিনায়কত্বের সমস্যার পাশাপাশি ফ্যাবিও ক্যাপেলো চিন্তিত ইংল্যান্ডের রক্ষণভাগ নিয়ে। রিও ফার্ডিন্যান্দের অনুপস্থিতিতে জন টেরির সঙ্গে লিডলে কিং, জেমি ক্যারাঘার ও ম্যাথিউ আপসনকে পুরোপুরি আস্থায় নিতে পারছেন না ক্যাপেলো। সে কারণেই ডওসনকে দলে ডেকেছেন। তবে ডওসন আদৌ প্রথম একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লিডলে কিংয়ের খেলায় দারুণ হতাশ ক্যাপেলো। তিন বছর পর আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে মেক্সিকোর আক্রমণভাগের খেলোয়াড়দের দ্বারা বারবার পরাস্ত হচ্ছিলেন কিং। হাঁটুর আঘাত তাঁর জীবনের অংশ হয়ে যাওয়ায়, দক্ষিণ আফ্রিকায় তিনি নিয়মিত মাঠে নামতে পারবেন কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।সব মিলিয়ে সমস্যায় জর্জরিত ক্যাপেলো। ৪৪ বছর পর বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর ইংলিশদের ভাগ্যে এখন কী আছে কে জানে!