অধিনায়কত্ব করবেন না ইউনুস
শহীদ আফ্রিদির কাছ থেকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব কেড়ে নেওয়ার পর টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হকের হাতেই তুলে দেওয়া হয়েছিল এই ভার। সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন আরেক জ্যেষ্ঠ ব্যাটসম্যান ইউনুস খান। কিন্তু পিসিবির এই প্রস্তাব গ্রহণ করেননি তিনি। এই মুহূর্তে অধিনায়কত্বের চেয়ে নিজের ব্যাটিংয়ের দিকেই বেশি মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘ইউনুসকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে কোনো ধরনের বিতর্কে জড়াতে চান না তিনি। পুরো মনোযোগটাই দিতে চান ব্যাটিংয়ের দিকে। আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি এবং এ ব্যাপারে তাঁকে আর কোনো রকম চাপ প্রয়োগ করা হবে না।’অধিনায়কত্বের অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয় ইউনুসের জন্য। এর আগে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবারও হয়তো এই দায়িত্বটা নিতে আপত্তি জানাতেন না। কিন্তু দলের অন্যান্য খেলোয়াড়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন না—এই আশঙ্কা করেই ইউনুস এই দায়িত্বটা নেননি বলে জানিয়েছেন তাঁর খুবই ঘনিষ্ঠ এক সূত্র। পিটিআই।