অধিনায়কত্ব ছাড়ছেন জয়াবর্ধনে
বেশ কিছু দিন ধরেই ইঙ্গিতটা দিয়ে আসছিলেন মাহেলা জয়াবর্ধনে। কাল নিশ্চিত করলেন, চলমান অস্ট্রেলিয়া সফর শেষেই ছেড়ে দিচ্ছেন অধিনায়কত্ব। গত জানুয়ারিতে তিলকরত্নে দিলশানের স্থলাভিষিক্ত হয়ে অধিনায়কত্বের দ্বিতীয় ইনিংস শুরু করেন জয়াবর্ধনে। আগামী ২৩ জানুয়ারি হোবার্টের পঞ্চম ওয়ানডেতেই শেষবারের মতো টস করতে নামবেন শ্রীলঙ্কাকে ১৭৮ ম্যাচে (আজকের ম্যাচের আগে) নেতৃত্ব দেওয়া জয়াবর্ধনে। হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন জয়াবর্ধনে ঘোষণা দিলেন, ‘আমি ১২ মাসের জন্য অধিনায়কের দায়িত্ব নিয়েছিলাম। সেই সময়টা শেষ হচ্ছে এই সিরিজেই। তাই শ্রীলঙ্কার এই সফরের পর আমি আর অধিনায়ক হিসেবে থাকতে চাচ্ছি না। এটাই শেষ।’প্রথমবার প্রায় চার বছর অধিনায়ক থাকার পর ২০০৯ সালে সরে দাঁড়িয়েছিলেন জয়াবর্ধনে। এরপর ২০১১ বিশ্বকাপের পর থেকেই খারাপ সময় কাটানো দলের ভাগ্য ফেরাতেই অধিনায়কের পদে ফেরেন। তাঁর অধিনায়কত্বেই বিশ্বের এক নম্বর টেস্ট দল ইংল্যান্ডকে হারায় শ্রীলঙ্কা। সেই সময়টাকে স্মরণ করে বলেছেন, ‘আমি আশা করছি এরপর আমি আর কোনো এসওএস পাব না। বছরটা তো দারুণ কাটালাম। অর্জনগুলোকে আমি উপভোগ করেছি।’সম্ভাব্য উত্তরসূরি অ্যাঞ্জেলো ম্যাথুসকে অধিনায়ক হিসেবে গড়ে উঠতে সাহায্য করাটাকেও নিজের সরে দাঁড়ানোর অন্যতম বড় কারণ বলেছেন জয়াবর্ধনে। অধিনায়কত্ব ছাড়লেও তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেটেই তাঁকে পাওয়া যাবে বলে নির্বাচকদের আশ্বস্ত করেছেন। উত্তরসূরি হিসেবে ম্যাথুসকে যোগ্যই ভাবেন জয়াবর্ধনে, ‘আমি মনে করি, সবার কানে অ্যাঞ্জেলোর নামটাই গেছে। আমি এটাও মনে করি সে-ই যথেষ্ট। আমার মনে হয় অ্যাঞ্জেলো যদি সুযোগটা পায়, তাঁর জন্য কাজটা অনেক সহজ হবে। কারণ, সে কঠিন সময়ে কুমার (সাঙ্গাকারা), আমাকে ও দিলশানকে পাশেই পাচ্ছে।’নতুন অধিনায়কের কাজ শুরু হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকেই। ওয়েবসাইট।