অধিনায়কত্ব ছাড়বেন না ধোনি
দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে টানা দুটি টেস্টেই বেশ বড় ব্যবধানে হেরে গেছে ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা এখন পিছিয়ে আছে ২-১ ব্যবধানে। মুম্বাই টেস্টে ১০ উইকেটে হারের পর কলকাতা টেস্টেও সাত উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ধোনি বাহিনীকে। এখন স্বাগতিকরা রয়েছে সিরিজ হারের শঙ্কায়। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকেও এখন ছুটে আসছে সমালোচনার তির। অধিনায়কত্ব থেকেও ধোনির সরে দাঁড়ানো দরকার কি না, সেই আলাপও তুলেছেন অনেকে। তবে এ মুহূর্তে অধিনায়কত্ব ছাড়বেন না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক।কলকাতা টেস্টে ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে ইনিংস পরাজয়ের লজ্জা এড়াতে পেরেছে ভারত। জয়ের জন্য মাত্র ৪১ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। খুব অল্প সময়ের মধ্যে তিনটি উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি সফরকারীদের। ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘এ মুহূর্তে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটাই হয়তো সবচেয়ে সহজ হতো আমার জন্য। কিন্তু তা আসলে দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়ার শামিল। অবশ্যই এ ব্যাপারে অন্যরা সিদ্ধান্ত নিতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড ও নীতিনির্ধারকেরা এ ব্যাপার নিয়ে কথা বলতে পারেন।’দলের সমন্বিত ব্যর্থতার পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্স নিয়েও সমালোচনার মুখে পড়েছেন ধোনি। শেষ তিনটি টেস্টে পাঁচ ইনিংস ব্যাটিং করে মাত্র ৯২ রান সংগ্রহ করতে পেরেছেন ভারতীয় অধিনায়ক। তবে এখন নিজের ব্যর্থতার কথা বাদ দিয়ে পরবর্তী ম্যাচটার দিকেই মনোযোগ দিতে চান ধোনি। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে আমার দায়িত্ব হচ্ছে দলের সবাইকে নিয়ে পরবর্তী টেস্ট ম্যাচটার জন্য প্রস্তুতি নেওয়া। এখানেই অভিজ্ঞতাটা জরুরি হয়ে পড়ে। যখন দলের সবাই ভালো খেলে, তখন নেতৃত্ব দেওয়াটা খুবই উপভোগ্য ব্যাপার। সেসময় অধিনায়কত্বের খুব বেশি প্রয়োজনও থাকে না। দলের বিপর্যয়ের মুহূর্তে নেতৃত্ব দিতে পারাটাই বড় চ্যালেঞ্জ।’দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্নটা আগেই ফিকে হয়ে গেছে। এখন সিরিজ হার এড়ানোর কথাই ভাবতে হবে ধোনিদের। আর টেস্ট সিরিজে পরাজয় আটকানোর জন্য শেষ ম্যাচটি জেতার কোনো বিকল্প নেই স্বাগতিকদের। ১৩ ডিসেম্বর শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। পিটিআই