অধিনায়কত্ব ছাড়বেন না স্ট্রাউস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে না পারলে টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বরে নেমে যাবে ইংল্যান্ড। নিজেদের মাটিতে যতই অবিসংবাদিত ফেবারিট মানা হোক, ইংল্যান্ড অধিনায়কের একটু হলেও চাপ অনুভব করারই কথা। অ্যান্ড্রু স্ট্রাউসের চাপ এখানেই শেষ হলে হতো। এই ‘চাপ’টা তো দলের সবার ওপরই বলে তা ‘দশের লাঠি’ হয়ে যাচ্ছে। কিন্তু স্ট্রাউসের ব্যক্তিগত চ্যালেঞ্জটা তো ‘একার বোঝা’। যেটির কোনো অংশীদার নেই। সেই ‘চাপ’ স্ট্রাউসের কানে অনুক্ষণ গুনগুন করে যাচ্ছে—রান করতে হবে, রান! ইংল্যান্ড অধিনায়কের ব্যাটে বড় রান নেই অনেক দিন। ১৯ টেস্ট সেঞ্চুরির সর্বশেষটি ২০১০ সালের নভেম্বরে। এরপর খেলেছেন ২৫ ইনিংস! সর্বশেষ ২০ ইনিংসে ফিফটি মাত্র ৩টি। অধিনায়কের ফর্ম নিয়ে চলছে কাটাছেঁড়া। ব্যাটে রানের হাসি ফোটাতে অধিনায়কত্ব ছেড়ে দেবেন কি না, এই প্রশ্ন গত কিছুদিন নিয়মিতই শুনতে হচ্ছে তাঁকে। শুনতে হলো লর্ডস টেস্ট শুরুর আগের দিনও। দলকে নেতৃত্ব দেওয়াটা ক্লান্তিকর হয়ে উঠেছে কি না—প্রশ্নের জবাবে স্ট্রাউস বললেন, ‘এমনকি ধারেকাছেও কিছু নয়। অতীতে অনেক ইংল্যান্ড অধিনায়কের ক্ষেত্রেই হয়তো এমনটা হয়েছে এবং আমার ক্ষেত্রেও ভবিষ্যতে হতে পারে, তবে এ মুহূর্তে আমি মোটেও ওই অবস্থায় নেই। সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আমি রোমাঞ্চিত।’ওয়েস্ট ইন্ডিজের পরই আসছে দক্ষিণ আফ্রিকা, যেটি হতে হবে এক নম্বরের লড়াই। স্ট্রাউস বরং সাগ্রহে তাকিয়ে আছেন সেদিকে, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওরা অনেক উন্নতি করেছে, আমাদের জন্য এটা তাই চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সিরিজটাও চলে এল বলে। আমি তাই সত্যিই রোমাঞ্চিত। আশা করি, আমি নিজেও কিছু রান করব এবং সফল এক গ্রীষ্মে দলকে নেতৃত্ব দেব। একজন ওপেনারের জন্য রান করা সব সময়ই বড় চ্যালেঞ্জ। গত ছয় মাসে আমার ফর্মটা খারাপ মনে হয়নি, কিন্তু ২০-৩০ করে কোনো লাভ নেই। আশা করি, আমি থিতু হতে পারব এবং রান করতে পারব।’ব্যাট হাতে প্রতিপক্ষ অধিনায়কের বাজে ফর্ম নিয়ে কিন্তু মোটেও স্বস্তিতে নেই ড্যারেন স্যামি। ক্যারিবীয় অধিনায়ক বরং কিছুটা শঙ্কিত, ‘আমার মনে হয় না এবারই প্রথম ও এমন চাপে আছে এবং এর আগে ও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। চাপে যেমন কেউ ভেঙে পড়ে, তেমনি কেউ আবার প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। আমি জানি, স্ট্রাউসের মানসিকতা দারুণ শক্ত।’ এএফপি।