অধিনায়কত্ব ছাড়লেন টেন্ডুলকার
আইপিএলের প্রথম চারটি আসরে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শচীন টেন্ডুলকার। তবে এবার পঞ্চম আসরে নেতৃত্বের চাপটা আর নিতে চাচ্ছেন না লিটল মাস্টার। মুম্বাইয়ের প্রধান ব্যাটসম্যান হিসেবে দলে থাকলেও অধিনায়কত্বের দায়িত্বটা সতীর্থ হরভজন সিংয়ের হাতেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শচীনের কাছ থেকে এই দায়িত্ব পাওয়াটা খুবই সম্মানের ব্যাপার বলে উল্লেখ করছেন ভাজ্জি।মুম্বাই ইন্ডিয়ানসের মালিক মুকেশ আম্বানি, নিতা আম্বানি ও হরভজনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন টেন্ডুলকার। এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ানস একটা দলের চাইতেও বেশি কিছু। আমার কাছে এটা একটা পরিবারের মতো। কিন্তু এই সময়ে আমার অধিনায়কত্বের দায়িত্ব থেকে বিশ্রাম দরকার। আমি এরই মধ্যে এটা নিয়ে হরভজন সিং, মুকেশ ভাই ও নিতা ভাবির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। দলের জ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে হরভজনের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।’টেন্ডুলকারের এই সিদ্ধান্তটা মেনেও নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের মালিক পক্ষ। আর নতুন এই দায়িত্বটাকে ‘বিশাল সম্মান’ বলে আখ্যায়িত করেছেন হরভজন সিং। পিটিআই।