অধিনায়কত্ব ছাড়লেন সাঙ্গাকারা
শ্রীলঙ্কাকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। তবে এনে দিয়েছেন রানারআপের মর্যাদা। অধিনায়ক হিসেবে কুমার সাঙ্গাকারার সফলতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, সফল ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকেও। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের কাতারে তিনি। দেশে ফিরে নায়কোচিত শুভেচ্ছাও পেয়েছেন। এর পরও নাটকীয়ভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন সাঙ্গাকারা।আপাতত টেস্ট ক্রিকেটের দায়িত্বটা ছাড়ছেন না সাঙ্গাকারা—নিজের আগ্রহ থেকে নয়, দলের স্বার্থের কথা ভেবে। নতুন অধিনায়ককে সহায়তা করতে টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যাওয়া বা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার কথা জানিয়ে এক বার্তায় সাঙ্গাকারা বলেন, ‘বেশ ভেবে-চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি আমি। দলের দীর্ঘমেয়াদি স্বার্থেই সিদ্ধান্তটা নিতে হয়েছে। ২০১৫ বিশ্বকাপের জন্য দলকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার সময় সুযোগ পাবে নতুন অধিনায়ক।’ সিদ্ধান্তটা বিশ্বকাপের আগেই নেওয়া ছিল জানিয়ে সাঙ্গাকারা বলেন, ‘২০১১ বিশ্বকাপের আগেই সিদ্ধান্তটা নিয়েছিলাম আমি। পরবর্তী বিশ্বকাপে আমার বয়স হবে ৩৭। তখন দলে আমার জায়গা হবে কি না, নিশ্চিত নই আমি।’সাঙ্গাকারা সরে দাঁড়ানোয় নতুন অধিনায়ক কে হবেন, তা এখনো নির্ধারণ করেননি লঙ্কান নির্বাচকেরা। ক্রিকইনফো জানিয়েছে, সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন তিলকরত্নে দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথুস। আর থিলান সামারাবীরাকে টেস্ট দলের অধিনায়ক করার আলোচনা চলছে। ওয়েবসাইট।