অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না আফ্রিদি
২০১০ সালের শুরু থেকেই পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন শহিদ আফ্রিদি। বিশ্বকাপেও অধিনায়কত্বের দায়িত্বটা তাঁর কাঁধেই আসার কথা। কিন্তু সালমান বাটের স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়ে একেবারে বাজিমাত করে দিয়েছেন মিসবাহ-উল-হক। টেস্টে এমনিতে তাঁর ব্যাটিং গড় ৪০.৮৫। কিন্তু অধিনায়ক হিসেবে তাঁর গড় ৯৫.২৫! নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও খেলেছেন ৬২ ও ৯৯ রানের চমত্কার দুইটি ইনিংস। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগ মুহূর্তে এরকম পারফরমেন্সের ফলে বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্বের ভারটা মিসবাহ’র হাতেই দেওয়া হতে পারে বলে ধারণা অনেকের। আর এতে সংশয়াচ্ছন্ন হয়ে পড়েছে বিশ্বকাপে আফ্রিদির অধিনায়কত্বের ব্যাপারটা।তবে এ নিয়ে খোদ আফ্রিদি অবশ্য খুব বেশি মাথা ঘামাতে চাচ্ছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার জন্য দেশ ছাড়ার আগে তিনি বলেছেন, ‘আমি আমার ক্যারিয়ারে কখনো অধিনায়কত্বের পেছনে দৌড়াই নি। এটা পুরোটাই ক্রিকেট বোর্ডের ব্যাপার। যদি তারা আমাকে যোগ্য মনে করে তাহলে অধিনায়ক হিসেবে রাখবে, না হলে রাখবে না। আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না।’এই মুহূর্তে বিশ্বকাপের চেয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের দিকেই মনোযোগ দিচ্ছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমি অধিনায়কত্বের বিষয়টা নিয়ে খুব বেশি চাপ নিচ্ছি না। আমি দলের একজন সিনিয়র খেলোয়াড়। আর আমি খুব ভালোমতোই জানি যে, আমাকে কী করতে হবে। আমরা যদি ওয়ানডে সিরিজটাতে ভালো খেলতে পারি, ব্যক্তিগতভাবে আমার পারফরমেন্সটা যদি ভালো হয়, তাহলে সেটা আমার জন্য তো বটেই পুরো দলের জন্যই খুব ভালো হবে।’ পিটিআই