অধিনায়কত্ব পাচ্ছেন ওয়েইন রুনি
ক্লাব ফুটবলের জগতে সময়টা খুব একটা ভালো কাটছে না ওয়েইন রুনির। বেশ কিছুদিন ধরে জায়গা মিলছে না ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে। ওল্ড ট্রাফোর্ডে অ্যালেক্স ফার্গুসনের বিদায়ী ম্যাচেও মাঠে নামতে পারেননি ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। তবে জাতীয় দলের জার্সি গায়ে হয়তো সেই বেদনা কিছুটা ভুলতে পারবেন তিনি। ২৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে রুনির হাতেই হয়তো দেওয়া হতে পারে অধিনায়কত্বের দায়িত্ব।কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ড দলের বাইরে আছেন নিয়মিত অধিনায়ক স্টিভেন জেরার্ড। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্বের বাহুবন্ধনীটা দেওয়া হতে পারে রুনিকে। ইংল্যান্ডের কোচ রয় হজসন এমন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘রুনি জানে, তাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। সে এর আগেও একবার আমার জন্য ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। আমি জানি, এই অভিজ্ঞতা রুনি উপভোগই করেছে। আর আমি নিশ্চিত, ভবিষ্যতে আরও অনেকবার তাকে এই ভূমিকায় দেখা যাবে।’ টাইমস অব ইন্ডিয়া।