অধিনায়কত্ব ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী বালাক
জার্মানির অধিনায়কত্ব নিয়ে বিতর্কটা শুরু হয়েছে বিশ্বকাপের সময় থেকেই। ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করেছিলেন দলের নিয়মিত অধিনায়ক মাইকেল বালাক। অধিনায়কত্বের আর্মব্যান্ডটা উঠেছিল ফিলিপ লামের হাতে। স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে লাম ঘোষণা দিয়েছিলেন, ইচ্ছে করে অধিনায়কত্ব ছাড়বেন না তিনি। তবে মাইকেল বালাক অধিনায়কত্ব ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। বালাক দাবি করেছেন, কোচ জোয়াকিম লো তাঁকে আশ্বস্ত করেছেন যে ইনজুরি কাটিয়ে ফিরলেই অধিনায়কত্ব ফিরে পারেন তিনি।আজ বৃহস্পতিবার জার্মান সংবাদ সংস্থা এসআইডিকে দেওয়া এক সাক্ষাত্কারে বালাক বলেছেন, ‘বিশ্বকাপের সময় যখন এই অধিনায়কত্বের প্রশ্নটা উঠেছিল, তখন আমি এ নিয়ে লোর সঙ্গে কথা বলার জন্য বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আর লো আমাকে এ ব্যাপারে কোনো রকম চিন্তাভাবনা না করে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।’ সম্প্রতি ইনজুরি কাটিয়ে আবার অনুশীলনে ফিরেছেন এই জার্মান মিডফিল্ডার।শেষপর্যন্ত জার্মানির অধিনায়ক কে হবেন, তা জানার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেপ্টেম্বরের ৩ তারিখে বেলজিয়ামের বিপক্ষে ইউরো ২০১২ বাছাই পর্বের প্রথম খেলার আগে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। টাইমস অব ইন্ডিয়া।