অধিনায়কত্ব ফিরে পেলেন মাশরাফি
ঠিক এক বছর আগে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। পেয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই পড়লেন ইনজুরিতে। অধিনায়কত্ব থেকে তো বটেই, দূরে সরে গিয়েছিলেন মাঠ থেকেও। ইনজুরি কাটিয়ে আরও আগেই মাঠে ফেরা মাশরাফি বিন মুর্তজা এবার ফিরে পেলেন অধিনায়কত্বও। বিসিবি আজ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানাল—ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তিনি।ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফর শেষে সাকিব ইংলিশ কাউন্টি খেলতে যোগ দেবেন উস্টারশায়ারে। কাউন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ততা আছে, ব্যাট হাতে ফর্মটাও খুব ভালো যাচ্ছে না কিছুদিন ধরে। সবকিছু মিলিয়ে সাকিব নিজেও নাকি আপাতত দূরে সরে থাকতে চেয়েছেন অধিনায়কত্ব থেকে। আজ তাঁর সঙ্গে আলোচনা করেই বিসিবি থেকে মাশরাফিকে জানিয়ে দেওয়া হয়েছে—ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে বাংলাদেশ দলের অধিনায়ক তিনি। সহ-অধিনায়ক করা হয়েছে তাঁর অনুপস্থিতিতে গত এক বছর দলকে নেতৃত্ব দেওয়া সাকিবকেই। বাংলাদেশ দল আগামীকাল ভোরে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে।নতুন করে অধিনায়কত্ব ফিরে পাওয়াটা মিশ্র অনুভূতি মাশরাফির জন্য। অন্তত আজ সোমবার তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় সে রকমই জানালেন তিনি, ‘মাত্রই জানলাম...এখনো বুঝতে পারছি না কী বলব। তবে আত্মবিশ্বাস আছে, পারফরম করেই নেতৃত্ব দেব দলকে।’ ঠিক এক বছর আগে গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেই ইনজুরিতে পড়ায় সহ-অধিনায়ক সাকিবকে দেওয়া হয় অধিনায়কের দায়িত্ব। অধিনায়ক হিসেবে শুরুটা দারুণ হয়েছিল সাকিবের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়। জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজ জিতেছেন দুটি। তবে তাঁর নেতৃত্বে এরপর টানা ৭টি টেস্ট ও ১৩টি ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ দল।এবার ইংল্যান্ড সফরে কি নতুন কিছু দেখাবেন মাশরাফি বিন মুর্তজা? অধিনায়কত্ব পাওয়ার পর বড় কোনো লক্ষ্যের কথা কিন্তু বললেন না তিনিও, ‘কী লক্ষ্য নিয়ে যাব, সেটা অল্প কথায় বলা কঠিন। তবে প্রথম টার্গেট অবশ্যই ভালো খেলা। এশিয়া কাপটা আমাদের ভালো যায়নি। আশা করি, ইংল্যান্ড থেকে ভালো কিছু নিয়ে ফিরতে পারব।’ইংল্যান্ড সফরে বাংলাদেশ দলের কোচিং স্টাফেও আছে কিছু পরিবর্তন। ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন যাচ্ছেন না। তার পরিবর্তে বিসিবির আরেক কোচ মিজানুর রহমান হচ্ছেন দলের সঙ্গী। এ ছাড়া ইংল্যান্ডে দলের সঙ্গে একজন অস্ট্রেলিয়ান বোলিং কোচের যোগ দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন।