অধিনায়কত্বে আগ্রহ রুনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক স্টিফেন জেরার্ড ছিলেন না। ছিলেন না অভিজ্ঞ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। জেরার্ড-ল্যাম্পার্ডের অনুপস্থিতিতে গত পরশু রাতে অধিনায়কত্বের ‘আর্ম ব্যান্ড’ পরেছিলেন ওয়েইন রুনি। বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে নেতৃত্বের সত্যিকারের মজাটা পেয়েছেন ইংল্যান্ডের তারকা এই স্ট্রাইকার।নিজে দুটি গোল করেছেন। তাঁর দল ইংল্যান্ড প্রতিপক্ষ সান মারিনোকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। ম্যাচ শেষে রুনির কাছে জানতে চাওয়া, ইংল্যান্ডের নেতৃত্ব নিতে তিনি আগ্রহী কি না। এ প্রশ্নে ইতিবাচক ইঙ্গিতই দেন রুনি, ‘দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এলে অবশ্যই তা নেব। আশা করছি, ভবিষ্যতে এটা ঘটবে। কিন্তু এ মুহূর্তে স্টিফেনই আমাদের অধিনায়ক।’ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রুনির কাছে অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও একবার অধিনায়কত্ব করার সুযোগ হয়েছিল তাঁর। তবে ঘরের মাঠ ওয়েম্বলিতে এটাই প্রথম। সেই অভিজ্ঞতা তুলে ধরে রুনি বলেন, ‘ওয়েম্বলিতে দেশকে নেতৃত্ব দেওয়া বড় সম্মানের। ছেলেবেলা থেকে স্বপ্ন দেখেছি, এখানে নেতৃত্ব দেব। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। সারা জীবন এই অনুভূতিটা বয়ে বেড়াব আমি।’এরই মধ্যে বড় একজনের সমর্থনও পেয়ে গেছেন ওয়েইন রুনি। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার জিওফ হার্স্ট মত দিয়েছেন, রুনিকে অধিনায়ক করা হলে ভালোই হবে।‘রুনিকে অধিনায়ক হিসেবে দেখতে আপত্তি নেই আমার। এটা ওর ওপর দায়িত্ব বাড়াবে। আশা করছি, এতে নিজের আরও বেশি উন্নতির চেষ্টা করবে ও। এর মধ্য দিয়ে দলও উপকৃত হবে।’ বলেছেন জিওফ হার্স্ট।রুনির বয়স এখন ২৬। এরই মধ্যে জাতীয় দলের হয়ে ৭৭টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তাই বয়সকে নেতৃত্বের প্রশ্নে বাধা বলে মনে করেন না জিওফ হার্স্ট, ‘ফুটবলের দৃষ্টিকোণ থেকে রুনি এখনো তরুণ। ওর সামনে অনেক বছর পড়ে আছে। আমি নিশ্চিত, ইংল্যান্ডের জন্য ভালো কিছু করতে চায় রুনি। আমরা সবাই জানি, ওর সেই সামর্থ্যও রয়েছে।’ ইএসপিএন-স্টার।