অধিনায়কত্বের অভিষেকে অন্য মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার দিন সকালে অনেকে ডিম খেতে পছন্দ করে না। নিতান্তই সংস্কার। ডিম খেয়ে না আবার ‘ডিম’ পেতে হয় পরীক্ষায়! খেলোয়াড়ি জীবনে এ রকমই এক প্রথা এত দিন মেনে চলেছেন মুশফিকুর রহিম। খেলার আগের দিন কথা বলতেন না সংবাদমাধ্যমের সঙ্গে।সেই মুশফিক এখন বাংলাদেশ দলের অধিনায়ক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়াটা তাঁর জন্য বাধ্যতামূলক। প্রথা থেকে বের না হয়ে উপায় কী! কাল কোচ স্টুয়ার্ট ল-র সঙ্গে সংবাদ সম্মেলনে এলেন, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির সঙ্গে করলেন টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনও।পরিস্থিতি মানুষকে বদলে দেয়। বদলে দিয়েছে মুশফিককেও। পরিস্থিতির কারণেই ম্যাচের আগের দিন কথা বলাতে এখন আর ‘অমঙ্গল’ কিছু দেখছেন না। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই একগাল হেসে বললেন, ‘আমার মনে হয়, যেকোনো পরিস্থিতি ভালোভাবে সামলাতে পারলেই আপনি সফল হবেন। আমি জানতাম, এখন আমাকে কথা বলতে হবে। সেজন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আশা করি, সমস্যা হবে না।’বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও আছে নেতৃত্ব দেওয়ার টুকটাক অভিজ্ঞতা। এ ছাড়া জাতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন কিছুদিন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টস করতে নামা, দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হবে আজই প্রথম। একটু কি নার্ভাস মুশফিক? সংবাদ সম্মেলনে তা মনে হলো না। চোখে বরং সাফল্য দিয়ে অধিনায়কত্বের অভিষেক উদ্যাপনের স্বপ্ন, ‘অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে আমার। জিম্বাবুয়ে সিরিজে প্রস্তুতিতে ঘাটতি থাকলেও এবার সে তুলনায় অনেকটাই ভালো হয়েছে প্রস্তুতি। বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, ব্যাটসম্যানরা রান করেছে।্রবোলাররাও ভালো করছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আশা করি ভালো ফল হবে।’অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে বাড়তি চাপ-টাপও নাকি নেই তাঁর ওপর! চাপ যেটা আছে, আন্তর্জাতিক ক্রিকেটে সেটা থাকে সবার ওপরই, ‘অধিনায়ক হন বা না হন, আন্তর্জাতিক ক্রিকেট খেলা সব খেলোয়াড়ের জন্যই বিশাল বড় চাপ। প্রতিটি সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জ।’ তবে মুশফিকের সৌভাগ্য, জাতীয় দলের নেতৃত্বে তাঁর অভিষেকটা হচ্ছে পরিচিত মাঠ আর দর্শকদের সামনে। ‘নিজেদের মাঠে খেলা, স্বাগতিক দর্শক থাকবে, সমর্থন থাকবে...আমরা যদি ভালো খেলতে পারি তাহলে সমর্থনও বাড়বে। আমার মনে হয়, এভাবে চিন্তা করলেই ভালো। নেতিবাচক চিন্তা না করে ইতিবাচক চিন্তা করতে হবে’—বলছিলেন অধিনায়ক।বার্তাটা নতুন অধিনায়ক ইতিমধ্যে পৌঁছে দিয়েছেন সতীর্থদেরও। প্রত্যেককে আলাদা করে চিঠি লিখেছেন নিজের হাতে। চিঠিতে কার কাছে কী প্রত্যাশা লেখা আছে। খেলোয়াড়দের কাছে অধিনায়কের চিঠি দেওয়ার খবর পত্রিকায় প্রকাশিত হয়ে যাওয়ায় কিছুটা মর্মাহত মুশফিক। সংবাদ সম্মেলনে সেই হতাশার কথা গোপন না করলেও শেষে বলেছেন, ‘দলের সবার কাছ থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। কাল (আজ) থেকে সেটার প্রতিফলন দেখবেন ইনশাআল্লাহ।’অধিনায়কের চিঠির জবাব কি পারফরম্যান্স দিয়েই দেবে বাংলাদেশ দল!