অধিনায়কত্বের মেয়াদ বাড়ল মুশফিকের
আলোচ্যসূচিতে অনেক কিছুই ছিল। কিন্তু বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল হঠাৎ অসুস্থ হয়ে আগের রাতে সিঙ্গাপুর চলে যাওয়ায় সব বিষয়ে আলোচনা হয়নি। তবে কালকের পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত হয়েছে বিসিবির ২০১২-১৩ অর্থবছরের বাজেট। এই অর্থবছরে বিসিবির উদ্ধৃত বাজেট ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ ১৭ হাজার ১৮৩ টাকা।সভা শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ২০১২-১৩ অর্থবছরে বোর্ডের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ১২১ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ৩০৮ টাকা। সম্ভাব্য খরচ ধরা হয়েছে ১১৫ কোটি ৮০ লাখ ৪০ হাজার ১২৪ টাকা।সভায় আগামী মাসের ত্রিনিদাদ সফর, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ডেপুটি হিসেবেও থাকবেন মাহমুদউল্লাহই। এ সময়ের জন্য জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন তানজীব আহসান।নিমবাসের সঙ্গে বিসিবির সর্বশেষ টেলিভিশন সম্প্রচার স্বত্ব চুক্তি শেষ হয়ে গেছে গত মার্চ মাসে। নতুন সম্প্রচার স্বত্ব চুক্তির জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে দরপত্র আহ্বান করে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দরপত্র খোলা হবে।সর্বশেষ চুক্তি অনুযায়ী নিমবাসের কাছে এখনো ২০ মিলিয়ন ডলারেরও বেশি পাওনা আছে বিসিবির। পাওনা আদায়ে সিঙ্গাপুরে দুই পক্ষের মধ্যে শুনানি চলছে।