অধিনায়কদের লড়াই
১১ মাস পর প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে নেমেই সেঞ্চুরি পেলেন বরিশালের অধিনায়ক শাহরিয়ার নাফীস। আর প্রতিপক্ষ সিলেটের অধিনায়ক অলক কাপালি তাঁর লেগ স্পিনে পেয়েছেন ৫ উইকেট। রাজশাহীতে চলা এ ম্যাচে ফাইনালে ওঠার লড়াই থেকে আগেই বাদ পড়া বরিশাল ও সিলেট এখন লড়ছে তৃতীয় স্থানের জন্য।প্রথম দিন শেষে বিনা উইকেটে ৬ রান করা সিলেট এর আগে বরিশালকে ২৫৭ রানে অলআউট করে দেয়। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। সিলেটের অভিষিক্ত পেসার ফখরুল ইসলাম তাঁর দ্বিতীয় ওভারেই এবারের লিগের সর্বোচ্চ রানের মালিক নাসিরউদ্দিন ফারুককে শূন্য রানে ও অন্য ওপেনার বিকাশ শর্মাকে আউট করেন। বরিশালকে ম্যাচে ফেরায় দুই সহোদর শাহরিয়ার নাফীস ও ইফতেখার নাঈমের ১০৩ রানের জুটি। নাঈমের বিদায়ের পর ১৭১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বরিশালের পক্ষে আটে নামা সোহাগ গাজীকে নিয়ে সপ্তম উইকেটে ৮১ রান করেন শাহরিয়ার। শেষ ৫ রানে ৪ উইকেট হারায় বরিশাল। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া অধিনায়ক শাহরিয়ার অলক কাপালির বলে ক্যাচ দেন রাজিন সালেহকে।বগুড়ায় ফাইনালের ড্রেস রিহার্সেলে লড়ছে ঢাকা ও বরিশাল। নিয়মিত অধিনায়ক বোলার মোহাম্মদ শরীফ, মাহবুবুল আলম ও ব্যাটসম্যান মার্শাল আইয়ুবকে বিশ্রাম দিয়ে এ ম্যাচে খেলতে নামে ঢাকা। ঢাকার অধিনায়ক মোশাররফ হোসেন ব্যাট হাতে পেয়েছেন টানা তৃতীয় হাফ সেঞ্চুরি। এবার চারে নেমে ৬৯ রান করেন জাতীয় দলের বাইরে থাকা এই বাঁহাতি অলরাউন্ডার।টসে জিতে ব্যাটিং নেওয়া ঢাকা ২১ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেটে অধিনায়কের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকা-ফেরত মেহরাব জুনিয়র। পঞ্চম উইকেটেও তায়েবুরের সঙ্গে ৮১ রান করেন মোশাররফ। দিনশেষে ৬ উইকেটে ২১৭ রান করা ঢাকার পক্ষে ব্যাটিং করছেন আসিফ ইকবাল (২১) ও আরমান হোসেন (১৮)। রাজশাহীর দুই পেসার দেলোয়ার ও শাহাজাদা পেয়েছেন দুটি করে উইকেট।