অধিনায়কের জবাবে অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারলন স্যামুয়েলসের কাছে ডাবল সেঞ্চুরি চেয়েছিলেন ভিভ রিচার্ডস। প্রথম দিন শেষে ১০৭ রানে অপরাজিত স্যামুয়েলসও চেয়েছিলেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটিকে ডাবল-এ রূপ দিতে। দেখতে চেয়েছিলেন তাঁর সঙ্গে কথার লড়াইয়ে নামা জেমস অ্যান্ডারসনের প্রতিক্রিয়া। কিন্তু হলো না। আর মাত্র ১০ রান করেই আউট এই ডানহাতি।স্যামুয়েলসের স্বপ্নপূরণ না হলেও অধিনায়ক ড্যারেন স্যামি পেয়ে গেছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। ১০৬ রান করে ব্রেসনানের বলে পিটারসেনের ক্যাচ হয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষের শুরুটাও স্যামিকে দিয়েই। ৩৪০ রানে তাঁর আউটের পর আর ৩০ যোগ করে ৩৭০ রানেই শেষ সফরকারীদের প্রথম ইনিংস। স্যামি-স্যামুয়েলস জুটির ২০৪ রান ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সপ্তম উইকেটে সর্বোচ্চ। ম্যাচে যাঁর খেলারই কথা ছিল না, সেই টিম ব্রেসনানই ইংল্যান্ডের সেরা বোলার (৪/১০৪)।প্রতিপক্ষ অধিনায়ক সেঞ্চুরি পেয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও স্যামিকে শুভেচ্ছা জানালেন সেঞ্চুরি দিয়েই! ১৯ মাস আর ২৫ ইনিংস পর লর্ডসের সেঞ্চুরিটা স্ট্রাউসকে দিয়েছিল স্বস্তি। নির্ভার স্ট্রাউস কাল করলেন টানা সেঞ্চুরি, ক্যারিয়ারের ২১তম। ইংল্যান্ড অধিনায়ক দিন শেষে অপরাজিত ১০২ রানে।তাঁর সঙ্গী কেভিন পিটারসেনও ধেয়ে চলেছেন ২১তম টেস্ট সেঞ্চুরির দিকে। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে অপরাজিত আছেন ৭২ রানে। স্ট্রাউস-পিটারসেনের ইনিংস দুটিই বলছে ক্যারিবীয়দের জবাবটা ভালোমতোই দিয়ে যাচ্ছে ইংল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়েই তুলে নিয়েছে ২৫৯ রান। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ইংল্যান্ড আর মাত্র ১১১ রান পিছিয়ে।অথচ ৪৩ রান করতেই অ্যালিস্টার কুককে (২৪) ফিরিয়ে দিয়েছিলেন ফিদেল এডওয়ার্ডসের পরিবর্তে নামা রবি রামপল। এরপর জোনাথন ট্রটের সঙ্গে স্ট্রাউস গড়েন ৮০ রানের জুটি। ৩৫ রান করা ট্রটকে ফিরিয়ে আবার ক্যারিবীয়দের আশার পালে হাওয়া লাগান রামপল। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের হতাশাই উপহার দিয়েছে স্ট্রাউস-পিটারসেন জুটি। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছেন ১৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি। ওয়েবসাইট।