আগের দিন রেকর্ড করেছেন প্রতিপক্ষ অধিনায়ক মাইকেল ক্লার্ক। গড়েছেন এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড। তার ওপর প্রথম ইনিংসে স্বাগতিকেরা করেছে ঠিক সাড়ে পাঁচ শ রান। অ্যাডিলেড ওভালে কিছু একটা করার দায় ছিল তাই দক্ষিণ আফ্রিকার অধিনায়কের। ভাগ্যের সহায়তা নিয়ে গ্রায়েম স্মিথ করেছেনও সেটা। অপরাজিত সেঞ্চুরি করে দলকে ম্যাচের বাইরে ছিটকে পড়তে দেননি। দু-দুবার বেঁচে যাওয়া স্মিথের হার না-মানা ১১১ রানে ভর করেই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২১৭ রান প্রোটিয়াদের।এর আগে মাত্র ৬৮ রানেই অস্ট্রেলিয়ার শেষ ৫ উইকেট তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান বোলাররা। এই ৬৮ রানের ৪৬ রানই এসেছে শেষ উইকেট জুটিতে। যার ৪২ রান আবার একাই করেছেন নয় নম্বর ব্যাটসম্যান জেমস প্যাটিনসন। দিনের পঞ্চম ওভারে ক্লার্ককে বোল্ড করে ধসের শুরু করেন ইনিংসে ৫ উইকেট নেওয়া ফাস্ট বোলার মরনে মরকেল। আগের দিনের রানের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করেই সিরিজে প্রথমবারের মতো আউট ক্লার্ক। তার আগেই অবশ্য সিরিজে ৪৮৯ রান হয়ে গেছে ‘পাপের’। ক্লার্কের বিদায়ের ১০ রানের মধ্যেই আরও ৩ উইকেট হারায় স্বাগতিকেরা। এরপর প্যাটিনসন খেলেন ৩৫ বলে ৪২ রানের ক্যারিয়ার-সেরা ইনিংসটি। ৪৬ ও ৭৮ রানে দুবার জীবন পাওয়া স্মিথ আলভিরো পিটারসেনের সঙ্গে উদ্বোধনী জুটিতে করেন ১৩৮ রান। ৪৬ রানে অস্ট্রেলীয় উইকেটকিপার ম্যাথু ওয়েড মিস করেন স্টাম্পিংয়ের সহজ সুযোগ। আর ৭৮ রানে তো আম্পায়ার আউটই দিয়ে দেন স্মিথকে। এবার রিভিউ নিয়ে বাঁচেন ২৬তম টেস্ট সেঞ্চুরি পাওয়া স্মিথ। ভাগ্যের ছোঁয়ায় পাওয়া এই ২২০ বলের এই ইনিংসটাকে দক্ষিণ আফ্রিকানরা নিতে পারেন সৌভাগ্যের প্রতীক হিসেবে। এর আগে স্মিথের ২৫ সেঞ্চুরির কোনোটিতেই যে হারেনি প্রোটিয়ারা! ওয়েবসাইট।