অধিনায়কের পিছু পিছু হেঁটে নদী পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভড়কেই যেতে হলো নেতাই নদের তীরে এসে! ঘাটে কোনো নৌকা নেই। নদের ওপর সেতু নেই। তাহলে উপায়? নদ পার হওয়ার সহজ উপায় বাতলে দেয় মারিয়া, মারিয়া মান্দা। মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপাজয়ী বাংলাদেশ অধিনায়ক।

‘নদী পার হতে হবে হেঁটে’—বলেই শীতল জলে ঝটপট নেমে পড়ে মারিয়া। কিন্তু আমরা দ্বিধা। পিঠে বড় ঝোলা, পায়ে কেডস। নদের গভীরতা কতটুকু কে জানে! কাদায় পা আটকে গেলে কিংবা ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেলে সর্বনাশ! ব্যাকপ্যাকে থাকা ল্যাপটপ কিংবা পকেটে মুঠোফোন সবই যাবে জলে। মারিয়া সাহস দেয়, ‘কিচ্ছু হবে না, আসেন আমার সঙ্গে।’

শিরোপাজয়ের পরদিনই ছিল বড়দিন। উৎসবে যোগ দিতে মারিয়া তার কলসিন্দুরের সতীর্থদের রেখে এক দিন আগেই চলে এসেছে বাড়িতে। কেমন চলছে উৎসব, সেটি দেখাতে সে আমাদের নিয়ে যাচ্ছে তার বাড়িতে।

মারিয়ার পিছু পিছু নেমে পড়তে হয় নদে। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা নেতাই নদ আমাদের মনে করিয়ে দেয় রবিঠাকুরের ছোট নদীর কথা। পার্থক্য বলতে গরু-গাড়ি নয়, এখানে হেঁটে পার হয় সাধারণত এলাকার মানুষ। আর বৈশাখে নয়, হাঁটুজল পৌষ-মাঘেই। ভরা বর্ষায় যদিও চিত্রটা হয় ভিন্ন। পাহাড়ি ঢলে নেতাইয়ের চেহারা যায় বদলে। তখন নিত্যকার যাতায়াতে নৌকাই ভরসা।

নেতাই নদ এভাবে প্রতিদিন পেরোতে হয় মারিয়া মান্দাকে। ছবি: প্রথম আলো
নেতাই নদ এভাবে প্রতিদিন পেরোতে হয় মারিয়া মান্দাকে। ছবি: প্রথম আলো

পায়ের কাপড় গুটিয়ে মধ্যবয়স্কা এক নারী নদ পার হতে হতেই মারিয়ার কাছে দাবি করেন, ‘তোমাদের নিয়ে দেশের কত গর্ব। মন্ত্রী-এমপিদের বলতে পারো না এই নদীতে একটা সেতু করে দিতে!’

মারিয়া শুনে হাসে। কী বলার আছে তার? বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত খেলে মারিয়ারা এখন শুধু কলসিন্দুরের গৌরবই নয়, তারা যেন এলাকার মুখপাত্র, জনপ্রতিনিধিদের ভূমিকায়। শুধু দুর্দান্ত ফুটবলশৈলীতে পিছিয়ে পড়া এক জনপদকে ইতিবাচকভাবে তুলে ধরার বিশাল দায়িত্ব তাদের ছোট্ট কাঁধে। এলাকাবাসীর তাই ধারণা, তারা কিছু বললে কাজ হয়, অনেক সমস্যার সমাধান হয়। তাদের ধারণা মিথ্যেও নয়। মারিয়াদের সাফল্যের সূত্র ধরে এই অজপাড়াগাঁয়ে বিদ্যুৎ এসেছে, বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে, সমাজে সংস্কার হয়েছে। তাহলে নেতাই নদে একটা সেতু কেন হবে না? ‘আমরা ফুটবল খেলি। আমাদের সব ভাবনা ফুটবল নিয়েই। ফুটবল খেলতে গিয়ে কি এলাকার সমস্যা বলা যায়?’—মারিয়ার পাল্টা প্রশ্ন।

নদ পেরিয়ে মিনিট পাঁচেকের দূরত্বে মারিয়াদের বাড়ি ঘুরে আবার যখন নেতাইয়ের তীরে, পশ্চিমের আকাশে সিঁদুররাঙা সূর্যটা তখন ডুবে যাওয়ার অপেক্ষায়। গোধূলিবেলায় নদের স্রোত যেন বেড়েছে। সতর্ক পায়ে দুবার নদ পার হতেই যেখানে আমাদের গলদঘর্ম অবস্থা, সেখানে মারিয়াকে¨প্রতিদিনই এ নদ পেরোতে হয়। ভীষণ দুর্ভোগের হলেও সাহসী মারিয়ার কাছে এ নদ কোনো বাধাই নয়। হবেইবা কেন? এর চেয়ে বড় বড় বাধা সে পেরিয়েছে!