বিশ্বকাপের আগের নয়টি আসরে সেঞ্চুরি হয়েছে মোট ১০৩টি। এর মাত্র ১৮টি করেছেন অধিনায়কেরা। মাত্র ১২ জন অধিনায়ক এই ১৮টি সেঞ্চুরির মালিক। ১৯৮৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস শ্রীলঙ্কার বিপক্ষে ১৮১ রান করেন। এটাই বিশ্বকাপে অধিনায়কের সর্বোচ্চ ইনিংস। ১৯৯৬ বিশ্বকাপে গ্যারি কারস্টেন অপরাজিত ১৮৮ রান করার আগ পর্যন্ত ওটা ছিল বিশ্বকাপেরই সর্বোচ্চ ইনিংস। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রানের সেই মহাকাব্যিক ইনিংসটি খেলে কপিল দেব আছেন অধিনায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে। এরপর ১৯৭৫ সালে পূর্ব আফ্রিকার বিপক্ষে গ্লেন টার্নারের করা অপরাজিত ১৭১ রান। সৌরভ গাঙ্গুলী ও রিকি পন্টিং করেছেন সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের গ্লেন টার্নার ও স্টিভেন ফ্লেমিং করেছেন ২টি করে সেঞ্চুরি। এ ছাড়া শ্রীলঙ্কার জয়াসুরিয়া ও জয়াবর্ধনে, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, পাকিস্তানের ইমরান খান, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ও নিউজিল্যান্ডের মার্টিন ক্রো অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছেন।