অধিনায়কোচিত ইনিংস খেলেও হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটির পর ফ্যাফ ডু প্লেসিস  প্রথম আলো
ফিফটির পর ফ্যাফ ডু প্লেসিস প্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা খেলতে পারেননি হ্যামস্ট্রিংয়ের চোটে। নিয়মিত অধিনায়ককে ছাড়া ওই ম্যাচে খেলতে নেমে হারতে হয় দক্ষিণ আফ্রিকাকেও। নিউজিল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে পরের দুটি ম্যাচ ফ্যাফ ডু প্লেসিস খেললেন, জিতল তাঁর দলও। কিন্তু ওই দুই ম্যাচে তাঁর রান ১৩ আর ২৪। ‘ক্যাপ্টেনস নক’ বলা যাবে না কিছুতেই। ইংল্যান্ডের বিপক্ষে সুপার টেনের শেষ ম্যাচ, এবার ধীরগতির ওভার রেটের কারণে নিষেধাজ্ঞা পেয়ে আবার মাঠের বাইরে বসে থাকলেন ডু প্লেসিস। প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে দল জিতেছে, দুর্দান্ত খেলে উঠে এসেছে সেমিফাইনালে। কিন্তু এত দূর আসার পেছনে দুই ম্যাচে অধিনায়কত্ব করা ছাড়া ডু প্লেসিসের অবদান কোথায়!
কিছু করে দেখানোর জন্য যেন কাল ভারতের বিপক্ষে ম্যাচটাকেই বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। চতুর্থ বলেই কুইন্টন ডি কককে হারানোয় প্রথম ওভারেই নামতে হয়েছে ব্যাট হাতে। মিরপুরের উইকেটের টার্ন আর ভারতীয় স্পিনারদের দুর্দান্ত ফর্ম তখনো চোখ রাঙাচ্ছে। কিন্তু সেটা উপেক্ষা করেই ডু প্লেসিস খেললেন টুর্নামেন্টে নিজের সেরা ইনিংসটা। ৪১ বলে ৫৮ রান করে ১৪তম ওভারে অশ্বিনের ক্যারম বলে দুর্ভাগ্যজনক বোল্ড হয়ে যখন ফিরে যাচ্ছেন, বড় স্কোরের ভিত পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সেই ভিতের জেপি ডুমিনি আর ডেভিড মিলার ইট-পাথর যোগ করেছেন আরও। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা গড়ে ফেলল ১৭২ রানের অট্টালিকা। টি-টোয়েন্টিতে এর আগে আগে ব্যাট করে ১০ বার ১৭০ কিংবা এর বেশি রান করেছে প্রোটিয়ারা, হারেনি কখনো। কাল অবশ্য রেকর্ডটা আর ধরে রাখতে পারল না দক্ষিণ আফ্রিকা, হেরে গেল ৬ উইকেটে।
প্রতিপক্ষকে বড় স্কোর গড়তে দেওয়ার দায় অবশ্য কিছু আছে ভারতীয় বোলারদেরও। সে দায় সবচেয়ে বেশি বর্তাবে দুই স্পিনার অমিত মিশ্র ও সুরেশ রায়নার ওপর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে এই বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে দুটিতেই ম্যাচসেরা হয়েছিলেন মিশ্র, ওভারপ্রতি রান খরচ ৫.২৬। কাল ৩ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর তাঁর ইকোনমি দাঁড়িয়েছে ৬.৩৮। ঝড়টা কম যায়নি সুরেশ রায়নার ওপর দিয়েও। আগের ৪ ম্যাচের তিনটিতে বল করে রান দিয়েছিলেন ৩৫, কাল তাঁর ৪ ওভার থেকেই দক্ষিণ আফ্রিকা নিল ৩৫ রান। স্পিনে স্বছন্দ নয় বলে ম্যাচের আগে অনেক প্রশ্ন শুনতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দুই স্পিনারের ওপর ঝাল ঝেড়ে তার জবাব কিছুটা হলেও দিয়ে দিল ডু প্লেসিসের দল।
০ ধোনির অধিনায়কত্বে কখনো সেমিফাইনালে হারেনি ভারত
১ এই প্রথম টানা দুই ম্যাচে তিন বা তার বেশি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন
২ ভারতের সঙ্গে টি-টোয়েন্টিতে দুবারের দেখাতেই হাফ সেঞ্চুরি ফ্যাফ ডু প্লেসিসের
৭ ২০০০ সালের পর সাতটি আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলে সব কটিতেই জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকা হেরেছে সাতটিতেই