অধৈর্য লেম্যানকে ওয়াহ
এত জলদি ধৈর্যের বাঁধ ভেঙে গেল ড্যারেন লেম্যানের? অস্ট্রেলিয়ার কোচ হয়েছেন মাস তিনেকও হয়নি তো! অবশ্য তাঁকেও দোষ দেওয়া যায় না। একের পর এক এভাবে হারতে থাকলে কাঁহাতক আর নিজেকে নিয়ন্ত্রণ করা যায়? নিজের দলের ক্রিকেটারদের ওপর তাই রীতিমতো বিরক্ত অস্ট্রেলিয়ান কোচ, ক্রুদ্ধও। এতটাই যে নির্বাচকেরা কিছু বলার আগে তিনি নিজেই বলে দিলেন, খড়্গের নিচে দলের অনেক ক্রিকেটার। ওভালে অ্যাশেজের শেষ টেস্টে পারফর্ম করতে না পারলে বাদ পড়তে হবে দল থেকে।লেম্যানের এই ক্ষোভ অকারণে নয়। ডারহাম টেস্টে তো প্রায় মুঠোয় এসে যাওয়া জয় হাতছাড়া করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ১ উইকেটে ১৪৭ রান ছিল তাদের। সেখান থেকে মাত্র ৩৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ৭ উইকেটে ১৮১ হয়ে যায়। ধসের কারণ হিসেবে মিডল-অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংকেই দায়ী করেছেন অস্ট্রেলীয় কোচ, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় দল, অস্ট্রেলীয় জনগণ, সংবাদমাধ্যম সবার প্রত্যাশা মাথায় রেখে খেলতে হয়। এ মুহূর্তে আমরা সেটা করতে পারছি না।’ পরের টেস্টেও একই ভুল করলে দল থেকে বাদ দেওয়া হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন লেম্যান, ‘ছেলেদের কিছু জিনিস শিখতে হবে। আমরা যদি দেখি ওরা শিখছে না, আর একই ভুল বারবার করে যাচ্ছে তাহলে অন্য কাউকে নিতে হবে। এটাই ক্রিকেটের সহজ সত্য।’তবে কোচ রেগে আগুন হলেও এখনই দলে বড় ধরনের পরিবর্তন আনার পক্ষপাতী নন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। এভাবে খেলোয়াড়দের খড়্গের নিচে রেখে ভালো পারফরম্যান্স আশা করা যায় না বলেও মত দিয়েছেন তিনি, ‘ফিল হিউজের কথাই ধরুন, ২০ টেস্টে ও অন্তত তিন-চারবার দল থেকে বাদ পড়েছে। উসমান খাজার বেলায়ও একই কথা। এটা আত্মবিশ্বাস ভেঙে দেয়। মাথার ওপর খড়্গ ঝুলতে থাকলে স্বাভাবিক খেলাটা খেলা যায় না।’ এখনই তাড়াহুড়া না করে তাই দলের প্রথম ৬ জন ব্যাটসম্যানকে আরও কিছুদিন নিয়মিত খেলার সুযোগ দেওয়ার পক্ষে স্টিভ ওয়াহ, ‘আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এই ছয়-সাতজন ব্যাটসম্যানের ওপর আমাদের বিশ্বাস আছে এবং ওরা এ মুহূর্তে সাফল্য না পেলেও ওদের পাশে থাকতে হবে।’ এএফপি।