অননুমেয় লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুল যেন শরতের আকাশ। কখন হাসবে আর কখন মুখ গোমড়া করে রাখবে সেটা অনুমান করা দুঃসাধ্য। ওয়েস্ট ব্রম ও জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে টানা দুই ম্যাচ হারে জয়ের আত্মবিশ্বাসটাই যেন হারিয়ে যেতে বসেছিল। সেই লিভারপুলই কিনা পরশু ৫-০ গোলে বিধ্বস্ত করল এই মৌসুমের চমক সোয়ানসিকে। এই দলটির বিপক্ষে প্রিমিয়ার লিগে আগের তিন সাক্ষাতে জয় দূরে থাক, কোনো গোলই পায়নি লিভারপুল। সোয়ানসিকে টপকে লিভারপুল এখন পয়েন্ট তালিকার সাতে। সোয়ানসি ছেড়েই মৌসুমে লিভারপুলের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন রজার্স। সাবেক ক্লাবের বিপক্ষে এমন জয় তিনিও কি ভাবতে পেরেছিলেন? ৫ গোলের জয়ে গোল করেছেন পাঁচজন: জেরার্ড, সুয়ারেজ, এনরিকে, কুটিনহো, স্টারিজ। তবে ম্যাচটি স্মরণীয় হলো ফিলিপ কুটিনহোর জন্যই। ইন্টার মিলান থেকে এই জানুয়ারিতে লিভারপুলে এসে অভিষেকেই গোল পেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এত বড় জয়ের পরও ঠিক স্বস্তিতে নেই রজার্স। কাঁধের হাড় সরে যাওয়ায় এই মৌসুমেই স্ট্রাইকার ফ্যাবিও বরিনিকে পাবেন না লিভারপুলের কোচ। এএফপি।