প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলরাউন্ডার সম্ভাবনাকে পূর্ণতা দিতে পারেননি, রবিন পিটারসনের পরিচয় এখন বাঁহাতি স্পিনার। তবে ব্যাট হাতে কতটা সম্ভাবনা ছিল, সেটা মনে করিয়ে দিলেন এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে। পিঞ্চ হিটার হিসেবে তিনে নেমে করেছেন ৬৮। ওয়ানডে অভিষেক সেই ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর, প্রথম ফিফটি পেলেন অভিষেকের ৩৯০৮ দিন পর! ফিফটির জন্য দীর্ঘ অপেক্ষার রেকর্ডে পিটারসন চার নম্বরে, শীর্ষ দুইয়ে আছেন দুই স্পেশালিস্ট ব্যাটসম্যান! অভিষেকের ৪৮০৩ দিন পর প্রথম ফিফটি করে দীর্ঘতম অপেক্ষার ‘রেকর্ড’টি বাংলাদেশের মিনহাজুল আবেদীনের। অভিষেক ১৯৮৬ সালে, প্রথম ফিফটি ১৯৯৯ বিশ্বকাপে। ১৩ বছরে সেটি অবশ্য ছিল তাঁর ২৫তম ম্যাচ। অভিষেকের ৩৯৬০ দিন পর ফিফটি পেয়েছিলেন শ্রীলঙ্কার থিলান সামারাবীরা, ৩৯৪৯ দিন পর জিম্বাবুয়ের পেসার গ্যারি ব্রেন্ট।