অনন্য, অসাধারণ ফাওয়াদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডে শতক পাওয়ার পর ফাওয়াদের চোখে-মুখে তৃপ্তির ছায়া। ছবি: এএফপি
প্রথম ওয়ানডে শতক পাওয়ার পর ফাওয়াদের চোখে-মুখে তৃপ্তির ছায়া। ছবি: এএফপি

থিসারা পেরেরাকে দুর্দান্ত ফ্লিক করে মিডউইকেটের ওপর দিয়ে গ্যালারিতে পাঠালেন। ফাওয়াদ আলম এর পর নিজেও যেন ছুটে যেতে চাইলেন ড্রেসিংরুমে, যেখানে সতীর্থরা সবাই দাঁড়িয়ে করতালির বৃষ্টিতে ভেজাচ্ছে তাঁকে। পেছন থেকে উমর আকমল এসে না আটকালে হয়তো ফাওয়াদ ড্রেসিংরুমেই চলে যেতেন! ফাওয়াদের উচ্ছ্বাস লাগামহীন হওয়ারই কথা।

আজ মিরপুরে এশিয়া কাপের ফাইনালে ফাওয়াদ যা করেছেন, এর আগে পাকিস্তানের কোনো বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটসম্যানই যে তা করতে পারেনি। এই প্রথম ওয়ানডেতে পাকিস্তানের পক্ষে কোনো বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান করলেন সেঞ্চুরি!

শুধু একটা সেঞ্চুরি দিয়েই ফাওয়াদের এই ইনিংসের মাহাত্ম্য শেষ হয়ে যাচ্ছে না। যখন ব্যাট হাতে নামলেন, ১৮ রানে তিন উইকেট হারিয়ে পাকিস্তানের দশা তখন থরহরি কম্প। ফাইনালটা একপেশে হতে যাচ্ছে বলেই আশঙ্কা। মিসবাহ-উল-হকের সঙ্গে চতুর্থ উইকেটে ১২২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিলেন। ওভারে চারেরও নিচে রান তুলে এই জুটি হয়তো প্রাথমিক কাজটা করে গেছে, কিন্তু আসল কাজ হলো এর পরই।

মিসবাহর বিদায় শাপে বর হয়ে এল পাকিস্তানের জন্য। আকমলকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে যেন ঝড় তুললেন ফাওয়াদ। মাত্র ১৩ ওভারে এই জুটি এনে দিল ১১৫ রান। ওভার পিছু রান তুলল ৮.৮৪ করে! ৩০ ওভার শেষেও যে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৯৬, সেই তারাই শেষ পর্যন্ত ৫ উইকেটে তুলল ২৬০! শেষ ২০ ওভারে পাকিস্তান তুলেছে ১৬৪। শেষ ১০ ওভারে ১০১!

পরিস্থিতির দাবি মেনে প্রথমে ব্যাটে লাগাম পরিয়েই রেখেছিলেন। ফাওয়াদ ফিফটি ছুঁয়েছেন ৯১ বলে। শেষ পর্যন্ত তিনিই ১৩৪ বলে ১১৪ রানে অপরাজিত। ফিফটির পরের ৪৩ বলে এসেছে ৬৪ রান। ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে খরচ করেছেন মাত্র ৩৫ বল। লাগাম ছিঁড়ে হয়ে গেছেন খ্যাপা ঘোড়া। তাঁর সৌজন্যেই পাকিস্তান শুধু ভালো স্কোর পেল না, স্নায়ুর লড়াই ফাইনালের প্রথমার্ধ শেষে পেল মানসিক শক্তিও। অথচ ৩০ ওভার শেষেও কী কোণঠাসাই না ছিল পাকিস্তান!

আজ ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা দিয়ে যেন সাত বছর আগের একটা দুঃস্বপ্নের কবর দিলেন। ২০০৭ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডে অভিষেকে পেয়েছিলেন গোল্ডেন ডাক, প্রথম বলেই শূন্য! বাবা তারিক আলম ২০ বছর ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলে গেলেও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন পূরণ করতে পারেননি। পিতার অতৃপ্ত স্বপ্ন পূরণ করে জাতীয় দলে অভিষেক হলেও দ্রুতই আবার ছিটকেও পড়েন ফাওয়াদ। মনে হচ্ছিল না ক্যারিয়ারটা থিতু হবে।

অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে দুঃস্বপ্নের সেই ওয়ানডে অভিষেক তিনি অনেকটাই ভুলিয়ে দিয়েছিলেন একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে। সেটাই ছিল দেশের বাইরে কোনো পাকিস্তানির টেস্ট অভিষেকে করা প্রথম সেঞ্চুরি।

এশিয়া কাপ নিয়েও একটা সুখস্মৃতি আছে তাঁর। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি পেয়েছিলেন এশিয়া কাপেই। সেটা দুর্বল হংকংয়ের বিপক্ষে ছিল শোনার পরে অনেকেই নাক সিঁটকাতে পারেন। কিন্তু মনে রাখবেন, ২০০৮ সালে করাচির সেই ম্যাচে পুঁচকে হংকংয়ের বিপক্ষেই স্বাগতিক পাকিস্তান ১৬১ রানে হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। সেখান থেকেই দলকে টেনে তোলেন ফাওয়াদ। যেমন তুললেন আজ। অবশ্য পরিস্থিতি বিবেচনায় আজকের ম্যাচটির সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না।

ফাওয়াদ অবশ্য আপত্তি করতে পারেন, এখনই এত গুণকীর্তন কেন তাঁকে নিয়ে। ম্যাচটা তো শেষ হয়নি। তা ছাড়া বল হাতেও তো তাঁর এখনো কিছু করে দেখানোর বাকি! সত্যিই তাই, বাঁ হাতি স্পিনার ফাওয়াদের বোলিং কখনো কখনো ব্যাটিংয়ের চেয়েও বেশি ক্ষুরধার!