অনন্য উচ্চতায় উসাইন বোল্ট (ভিডিও)
লন্ডন অলিম্পিক শুরু হওয়ার আগে উসাইন বোল্টকে নিয়ে শঙ্কা ছিল। বিশেষ করে, তিনি যখন জ্যামাইকার ট্রায়ালে ইয়োহান ব্লেকের কাছে পরাজিত হয়েছিলেন। হিটেও তাঁর টাইমিং শঙ্কার মাত্রাটা বাড়িয়ে তুলেছিল। বোল্ট কি পারবেন অলিম্পিক অ্যাথলেটিকসের সবচেয়ে মর্যাদার ইভেন্টে নিজের সেরাটা উজাড় করে দিতে? তিনি কি পারবেন ইতিহাসে প্রথমবারের মতো নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখতে? কাল রাতে সব শঙ্কা একঝলকে উড়িয়ে দিলেন স্প্রিন্টের এই জীবন্ত কিংবদন্তি। ১০০ মিটার স্প্রিন্টে কেবল নিজের শ্রেষ্ঠত্বই ধরে রাখলেন না, ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে নিজেকে অমর করে রাখলেন ইতিহাসে। অলিম্পিক অ্যাথলেটিকসের ইতিহাসে তিনিই যে এখন সবচেয়ে সেরা টাইমিংয়ের অধিকারী! তাঁর চেয়ে দ্রুতগতিতে অলিম্পিকে যে এর আগে কেউ ১০০ মিটার দৌড় শেষ করেননি!ইয়োহান ব্লেকের টাইমিংটা ৯.৭৫। বোল্টের চেয়ে দুই মিটার পেছনে থেকে তিনি শেষ করেছেন দৌড়। সোনার স্বপ্ন নিয়ে অলিম্পিকে এসে বোল্ট-ঝড়ে রুপার পদক জুটেছে তাঁর ভাগ্যে। ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জুটেছে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনের কপালে। উসাইন বোল্টের এই সাফল্যে অবশ্য কোনোই খেদ নেই প্রতিদ্বন্দ্বী ইয়োহান ব্লেকের মনে। বরং, এই শ্রেষ্ঠত্ব যে বোল্টেরই প্রাপ্য, সে কথা স্বীকার করেছেন তিনি। ব্লেক বলেছেন, ‘উসাইন এই পর্যায়ে আগেই সাফল্য পেয়েছে। সাফল্য ধরে রাখতে তাকে কী করতে হবে, সেটা সে জানত। সে পৃথিবীকে পায়ের নিচে নামিয়েছে। উসাইন এ মুহূর্তে পৃথিবীর দ্রততম মানব।’ বোল্টের এই অসামান্য কীর্তিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ব্লেক। নিজের প্রথম অলিম্পিকে রুপার পদক গলায় ঝুলিয়েও তৃপ্তি ঝরেছে ব্লেকের কণ্ঠে, ‘এটা আমার প্রথম অলিম্পিক। এতেই রুপার পদক জয় করলাম। প্রথম অলিম্পিকে এর চেয়ে বেশি আর কী পাওয়ার থাকতে পারে?’অলিম্পিক রেকর্ড করেও উসাইন বোল্ট কিন্তু অনেকটাই নির্লিপ্ত। এই অসমান্য কীর্তির পর তাঁর কণ্ঠ থেকে বেরিয়েছে কেবল একটি বাক্য, ‘আমি খুশি, সত্যিই অনেক খুশি।’ বোল্টের মতে, সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারার কারণেই এই সাফল্য।গত বছর দেগুতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ফলস স্টার্টের কারণে বাদ পড়েছিলেন উসাইন বোল্ট। ব্যাপারটি নিয়ে অলিম্পিকেও চিন্তিত ছিলেন অনেকে। বোল্ট নিজেও এটি নিয়ে ভাবছিলেন। কিন্তু কাল লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে তিনি যা করলেন, তা সত্যিকারের ইতিহাস। অলিম্পিক স্টেডিয়ামে উপস্থিত দর্শক মন-প্রাণ ভরে উপভোগ করলেন এক জীবন্ত কিংবদন্তির আখ্যান। বিশ্বের কোটি কোটি দর্শক অবাক বিস্ময়ে দেখেছে একজন মানুষের দ্রুতগামিতা। নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ারও এক অসাধারণ গল্প এটি।বিশ্বক্রীড়ার ইতিহাসে নিজের অমরত্ব নিশ্চিত করে ফেললেন উসাইন বোল্ট। রয়টার্স।