অনন্য উচ্চতায় মেসি
৬৮ থেকে এক লাফে ৭২! অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন লিওনেল মেসি। গড়লেন এক মৌসুমে ৭০ গোল ছাড়িয়ে যাওয়ার অবিশ্বাস্য রেকর্ড।লা লিগায় গতকাল শনিবার রাতে এসপানিওলকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সা। দলের হয়ে চারটি গোলই করেন মেসি। ন্যু ক্যাম্পে নিজের বিদায়ী ম্যাচে প্রিয় শিষ্যের কাছে শ্রেষ্ঠ উপহারটাই পেলেন পেপ গার্দিওলা।আগের ম্যাচে মালাগার বিপক্ষে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েন মেসি। ভেঙে দেন জার্ড মুলারের গড়া ইউরোপীয় ক্লাব ফুটবলে এক মৌসুমে গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড। জার্মান কিংবদন্তি ১৯৭২-৭৩ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে এক মৌসুমে ৬৭ গোল করেছিলেন। মালাগার বিপক্ষে তিন গোলের সুবাদে মেসির গোলসংখ্যা সে ম্যাচে দাঁড়ায় ৬৮। এর পরের ম্যাচেই চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ৭২-এ নিয়ে গেলেন এই আর্জেন্টাইন সুপার স্টার। মৌসুমে আরও দুটি ম্যাচ হাতে পাচ্ছেন তিনি। মেসি নিজেকে কোন উচ্চতায় নিয়ে যান, এটাই এখন দেখার অপেক্ষা।এসপানিওলের বিপক্ষে চার গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও নিজের পার্থক্যটা গড়ে দিলেন টানা তিনবারের ফিফা বর্ষসেরা মেসি। লা লিগায় তাঁর গোলসংখ্যা এখন ৫০ আর রোনালদোর ৪৫। মেসিকে পেছনে ফেলার আশা এই মুহূর্তে ছেড়েই দিতে পারেন পর্তুগিজ তারকা।চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সার বিদায়ের বড় কারণ ছিল মেসির পেনাল্টি মিস। এই একটা খুঁতকেই বড় করে দেখানোর চেষ্টা করেন মেসি-বিরোধীরা। তবে পর পর দুই ম্যাচে পেনাল্টিতে সফলতা দেখিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেন দিলেন আর্জেন্টাইন জাদুকর। মালাগার বিপক্ষে পেনাল্টি থেকে করেছিলেন দুটি গোল। গতকাল এসপানিওলের বিপক্ষেও পেনাল্টি থেকে দলকে দুটি গোল এনে দেন মেসি। এ ম্যাচে চার গোলের বাকি দুটির একটি এসেছে ফ্রি কিক থেকে, অন্যটি আসে বাঁ পায়ে কোনাকুনি শট থেকে। রয়টার্স।