অনন্য বাংলাদেশের এই টুর্নামেন্ট
বিশ্বের জনসংখ্যা এখন সাত শ কোটির কিছু বেশি। আর শুরুর অপেক্ষায় থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে প্রায় ১৮০ কোটি লোক। তার মানে বিশ্বে প্রতি চারজনের একজনকে ছুঁয়ে যাবে বাংলাদেশে অনুষ্ঠেয় ‘ছোট’ ক্রিকেটের রোমাঞ্চ! আইসিসির কোনো টুর্নামেন্ট এর চেয়ে বেশি বৈশ্বিক ব্যাপ্তি পায়নি আগে!
অনেক দিক দিয়েই বাংলাদেশের এই টুর্নামেন্ট যোগ করতে যাচ্ছে নতুন মাত্রা। আইসিসির অফিশিয়াল ওয়েবসাইট জানিয়েছে, স্টার স্পোর্টসের মাধ্যমে ২৯টি চ্যানেলে দেখানো হবে এই টুর্নামেন্ট। দেখা যাবে বিশ্বের ২২৩টি দেশে। মোট ২০টি ভাষায় দর্শকেরা উপভোগ করতে পারবেন। সম্প্রচারের দিক দিয়েও আছে অভিনবত্ব। ২৮টি ক্যামেরা ব্যবহার করা হবে এই টুর্নামেন্টে, যার সাতটি আলট্রা-মোশন। থাকবে অত্যাধুনিক স্পাইডারক্যাম, এলইডি স্টাম্পসসহ দারুণ সব গ্রাফিক্স।
মিরপুরের চারটি প্রস্তুতি ম্যাচসহ ছেলেদের টুর্নামেন্টের ৩৫টি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে। ইংরেজিতে ধারাভাষ্য দেবেন রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকার, শন পোলক, শেন ওয়ার্ন, সৌরভ গাঙ্গুলী, ওয়াসিম আকরাম, নাসের হুসেইন, রমিজ রাজাসহ মোট ২১ জন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার। ওয়েবসাইট।