অনন্য সাফল্যের দ্বারপ্রান্তে ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অসাধারণ সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। আজ ইতালিকে হারিয়ে তাঁর দেশ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতলেই অধিনায়ক হিসেবে তিনি দেশকে টানা তিনটি বড় প্রতিযোগিতা জেতানোর গৌরবের অধিকারী হবেন। ২০০৮ সালের ইউরোর পর ২০১০-এর বিশ্বকাপ। তাঁর হাতেই উঠেছিল গৌরব-অর্ঘ্য। আজ জিততে পারলে আরও একটি গৌরব-অর্ঘ্যের দৃশ্যপটে নিজেকে মেলে ধরতে পারবেন তিনি। এত বড় অর্জন সাম্প্রতিক সময়ে আর কোন ফুটবলারের ভাগ্যে জুটেছে!৩১ বছর বয়সী ক্যাসিয়াসের উত্থান স্পেনের যুব ফুটবল উন্নয়নের এক প্রকল্পের মাধ্যমে। আজ থেকে ১৫ বছর আগে। সেই প্রকল্প প্রতিভা চিনতে ভুল করেনি। আজ ১৫ বছর বাদে সেই ক্যাসিয়াসই পরিণত—বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকে। তাঁকে হাতছানি দিয়ে ডাকছে এমন এক সাফল্য, এমন এক অর্জন, যার পেছনে মরীচিকার মতো ছুটে মরেন যুগ-যুগান্তরের খেলোয়াড়েরা। এবারের ইউরোর শিরোপার কথা বাদ দিন। ২০০৮-এর ইউরো আর ২০১০-এর বিশ্বকাপ অধিনায়ক হিসেবে জিতে তিনি অনেক আগেই স্থান করে নিয়েছেন ইতিহাসে। আরও একটি সাফল্য তাঁর জন্য আসবে বোনাস হিসেবেই।১৯৬৪ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর ২০০৮ সালে আসে স্পেনের প্রথম শিরোপা। মাঝের সময়টা ছিল অসহ্য রকমের বন্ধ্যা—সাফল্যহীন। স্পেনকে সাফল্যহীন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিল মাঝের একাধিক প্রজন্ম। ইকার ক্যাসিয়াসের নেতৃত্বে স্পেনের নবপ্রজন্মের প্রতিভারা সেই অবস্থার পরিবর্তন এনেছেন। ইউরো শিরোপা জয়ের পর দুই বছরের মাথায় বিশ্ব জয়ের সাফল্য। এতটা কি ভেবেছিলেন ক্যাসিয়াস?ক্যাসিয়াস নিজেও এতটা ভাবেননি। ‘চার বছর আগে আমরা ইউরোপ সেরা হয়েছিলাম। ওটা ছিল এমন একটা সাফল্য, যা আগে কখনো হাতে ধরা দেয়নি।’ ক্যাসিয়াসের মন্তব্য।তাঁর মতে, ‘ইউরোর শিরোপা জয়ের পর বিশ্বকাপে আমাদের নিয়ে সবার প্রত্যাশা ছিল। আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পেরেছিলাম। এর পর থেকেই স্পেন দলের উত্থান ও ধারাবাহিকতা যথেষ্ট দৃশ্যমান।’তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি চার বছর আগে কেউ ভাবেনি যে ইউরোর শিরোপা জয়ের দুই বছরের মাথায় আমরা বিশ্বকাপ জিতব। এবার আমরা ইউরোর ফাইনালে উঠে এরই মধ্যে নতুন ইতিহাস গড়েছি। এর কথাও আগে কখনো ভাবিনি।’ ওয়েবসাইট।