অনভিজ্ঞতাই হারাল আফগানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারানোর বেদনা সইতে সইতে এখন আর হারানোর কিছু নেই আফগানদের। ক্রিকেট মাঠে এটা আবার তাদের জন্য প্রেরণা। আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে মানে বেশির ভাগ বড় দলের বিপক্ষেই খেলছে। এখানে তাদের আসলে হারানোর কিছু থাকে না, থাকে শুধু পাওয়ার।বড় দলগুলোর সঙ্গে মাঠে নামতে পারাটাই বড় প্রাপ্তি বলে প্রথম ম্যাচে ভারতকে ভয় ধরিয়ে দিতে পারল আফগানিস্তান। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলিও স্বীকার করলেন, ‘স্নায়ুক্ষয়ী কিছু সময় এসেছিল। তাদের (আফগানিস্তান) হারানোর কিছু নেই। তারা মাঠে নেমেছে উপভোগ করতে, নিজেদের সামর্থ্য দেখাতে। আমাদেরই উচিত ছিল কঠিন পরিস্থিতিতে ধীরস্থির থাকা।’ভারতকে ভয় পাইয়ে দিয়েও যে শেষটা আফগানদের হলো না, দলের পাকিস্তানি কোচ কবির খানের দৃষ্টিতে এটি আসলে অনভিজ্ঞতার ফল, ‘ছেলেরা আন্তর্জাতিক ক্রিকেটে অতটা পরিচিত নয়, এটা একটা সমস্যা। দর্শক, ক্যামেরা...সবকিছু একসঙ্গে! ম্যাচটা প্রচণ্ড চাপের মধ্যে খেলেছি আমরা।’আফগানিস্তান গতকাল পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে ১২টি, যার মাত্র তিনটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। দুটিতে প্রতিপক্ষ ছিল ভারত, অন্যটিতে দক্ষিণ আফ্রিকা। তিন-চারটি ক্যাচ ফেলাকে অনেকে ভারতের বিপক্ষে পরাজয়ের কারণ বললেও কোচের মত তাই ভিন্ন, ‘আমরা যদি ক্যাচগুলো নিতামও, একজন ভালো ব্যাটসম্যানের পর আরেকজন ভালো ব্যাটসম্যান আসত। যেকোনোভাবেই হোক, ১৪০ রান তারা করতই।’ ম্যাচে মোট চারটি ক্যাচ ফেলেছে আফগানিস্তান, যার তিনটি খুবই সহজ। ক্যাচ ফেলাটাকে বড় দলের বিপক্ষে খেলার চাপের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই দেখেছেন কোচ।কবির খানের বিশ্লেষণ, অসহিষ্ণু ব্যাটিংয়েই দূরে সরে গেছে আফগানদের জয়ের সম্ভাবনা, ‘আমার মনে হয়েছিল, ১৬০ রানও তাড়া করা সম্ভব। আরেকটু দায়িত্বশীল ব্যাটিং করলে হয়তো আমরাই জিততাম।’অঘটন ঘটিয়ে বিশ্বকাপ শুরু করতে না পারলেও নিজেদের প্রথম ম্যাচেই আফগানরা দিল আগমনী বার্তা। পাঁচ বছর আগেও বিশ্ব ক্রিকেটের নিচের স্তরে ছিল দলটা। উত্থানের শুরু ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু বোমা-বারুদ আর গৃহযুদ্ধের দেশে কীভাবে পারল তারা একটা দল হিসেবে দাঁড়াতে? কবির খানের উপলব্ধি, খেলার প্রতি ভালবাসা আর খেলোয়াড়দের অন্তর্গত সংহতিতেই আফগান ক্রিকেট আজ এত দূর, ‘যুদ্ধের সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে ওরা। দলটা এখন একটা পরিবারের মতো। একজনের কোনো সমস্যা হলে পুরো দল তার পাশে এসে দাঁড়ায়, তাকে সাহায্য করে।’কলম্বোতে আজ ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। ভারতকে ভয় ধরিয়ে দিতে পারার সাফল্য নিশ্চয়ই তাদের সাহস আরও বাড়িয়ে দিবে এই ম্যাচে। এএফপি, ওয়েবসাইট।