ভারতে পৌঁছেও বাংলাদেশের খেলোয়াড়েরা বলছিলেন, ‘আয়ারল্যান্ডকে আমরা সহজে ছাড়ব না।’ কাল ২১ মিনিট পর্যন্ত র্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগোনো সেই দলটির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ। এই লড়াই দেখে সবার গর্ব হলো, ওঁরা মিথ্যা প্রতিশ্রুতি দেননি! জেগে উঠেছিল জয়ের আশাই। কিন্তু শুরু আর শেষের মধ্যে কী বৈপরীত্য! শেষ পর্যন্ত দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে ৫-২ গোলে।বিশ্ব হকি লিগে বাংলাদেশ প্রথম ম্যাচটা শুরু করেছিল আক্রমণাত্মক মেজাজে। পরিকল্পিত আক্রমণেরই ফসল ১৫ মিনিটে পাওয়া প্রথম গোল। গোলদাতা গত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা মঈনুল ইসলাম (কৌশিক)। এরপর ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন মামুনুর রহমান (চয়ন)। এ পর্যন্ত বাংলাদেশই ছিল শ্রেয়তর দল। কিন্তু গোল দুটি খেয়ে খ্যাপাটে ঘোড়া হয়ে ওঠে আয়ারল্যান্ড। ২২ মিনিটে গোলরক্ষক জাহিদ হোসেনের পোস্ট ছেড়ে এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সদার্ন (২-১)। সদার্নই ২৯ মিনিটে সমতা ফেরান ম্যাচে। ৬ মিনিট পর এগিয়েই যায় আয়ারল্যান্ড, গোল করেন কার্গো। ৩-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও মিইয়ে যায় তারা। ৫৫ মিনিটে আয়ারল্যান্ড আরও এগিয়ে যায় ওডোঙ্গার পেনাল্টি কর্নারের গোলে। যদিও পেনাল্টি কর্নারটি ছিল বিতর্কিত। ডিফেন্ডার চন্দনের হাতে বল লাগলেও অন্যায় সিদ্ধান্ত দেন ওমানি আম্পায়ার। বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে ম্যাচসেরার পুরস্কার জেতেন সদার্ন।পুরো ম্যাচে গোলে আয়ারল্যান্ডের হিট ছিল ২৪টি, মাত্র ৫টি শট বাংলাদেশের। ৫টি পেনাল্টি কর্নার (পিসি) থেকে একবার সাফল্য পেয়েছে আয়ারল্যান্ড। কিন্তু বাংলাদেশ একমাত্র পিসিকেই গোলে পরিণত করেছে। র্যাঙ্কিংয়ের ১৫ নম্বর দল আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও বাংলাদেশের হার আসলে অনভিজ্ঞতার কারণেই। দিল্লি থেকে কাল টেলিফোনে এটাই বললেন কোচ মাহবুব হারুন, ‘আমরা আসলে অভিজ্ঞতার অভাবে হেরেছি। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরই পুরো আক্রমণাত্মক হয়ে ওঠে আয়ারল্যান্ড।’ অধিনায়ক জাহিদ হোসেনের কথা, ‘একটাও প্রস্তুতি ম্যাচ খেলিনি আমরা। আয়ারল্যান্ডের মানের একটা দলের সঙ্গে অন্তত একটা প্রস্তুতি ম্যাচ খেললেও ভালো হতো।’ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে ১৮তম দল চীন।