অনভিপ্রেত বিতর্কের কেন্দ্রে শচীন
আপাতত, ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাশেই পাচ্ছেন শচীন টেন্ডুলকার। মুম্বাই টেস্টে শোচনীয় পরাজয়ের পাশাপাশি শচীন টেন্ডুলকারের ক্রমাগত ব্যর্থতা ২৩ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের শেষলগ্নকে করে তুলেছে দারুণ বিতর্কিত। চারদিকে রব উঠেছে তাঁর অবসরের ব্যাপারে। তবে এমন একটি পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এ সময় তাঁরা চাপের মুখে থাকা শচীনের পাশেই থাকছে।বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কঠিন সময়ে শচীন টেন্ডুলকারের পাশে থাকারই সিদ্ধান্ত নিয়েছে।তবে এর আগে, বিসিসিআইয়ের একটি বিশেষ সূত্রই ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেছিল যে কলকাতা ও নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় পরের দুটি টেস্টে যদি টেন্ডুলকার ভালো করতে না পারেন, তাহলে বিসিসিআই-ই টেন্ডুলকারের ভবিষ্যত্ নির্ধারণ করে দেবে।তবে, ‘এ ধরনের কোনো সম্ভাবনা নেই’ বর্ণনা করে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছেন, একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার হিসেবে এই দুঃসময়ে ক্রিকেট বোর্ডকে পাশে টেন্ডুলকার পেতেই পারেন। বিসিসিআইও তেমনটিই মনে করে।এদিকে, গতকাল বার্তা সংস্থা পিটিআই পরিবেশিত এক খবরে জানা গিয়েছিল যে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক সন্দ্বীপ পাতিল নাকি শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলে তাঁর অবসর নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে বিসিসিআই ব্যাপারটি জানে না বলেই জানিয়েছে।তবে পিটিআইয়ের খবরের সূত্র ধরে আরও কয়েক কদম এগিয়ে ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, শচীন টেন্ডুলকার নিজেই নাকি প্রধান নির্বাচক সন্দ্বীপ পাতিলের সঙ্গে দেখা করে বলেছেন, নির্বাচকেরা ইচ্ছা করলে তাঁকে পরের দুটি টেস্ট থেকে বাদও দিতে পারেন। তবে শচীনের একজন ঘনিষ্ঠ বন্ধু ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছেন, এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা এবং শচীন নিজেও এ ধরনের সংবাদের ব্যাপারে দারুণ বিরক্ত ও বিব্রত।শচীনের বরাত দিয়ে সেই বন্ধু ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেছেন, ‘আমরা ব্যাপারটি নিয়ে শচীনকে জিজ্ঞেস করেছিলাম। উত্তরে সে বলেছে, গোটা ক্রিকেট ক্যারিয়ারে কখনোই যেখানে সে নির্বাচকদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি, আজ কেন সে বসতে যাবে?’ভারতীয় ক্রিকেট দলের একজন সাবেক সদস্যও কাল বিকেলে শচীনের সঙ্গে দেখা করে বলেছেন, শচীনের সঙ্গে প্রধান নির্বাচকের কোনো কথাই হয়নি। তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি গণমাধ্যমের প্রতিবেদনের চেয়ে শচীনের কথার ওপরই বেশি বিশ্বাস রাখব। কারণ, আমি ওকে অনেক দিন ধরে চিনি।’ শচীন নাকি এ-ও বলেছেন যে একজন ক্রিকেট খেলোয়াড় হিসেবে তাঁর প্রধান কাজ মাঠে সেরা পারফরম্যান্স তুলে ধরা। এ মুহূর্তে এটি নিয়েই তিনি বেশি ভাবছেন।মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারার পরেও দলে কোনো পরিবর্তন আনছেন না ভারতীয় নির্বাচকেরা। কলকাতায় ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট ম্যাচে মুম্বাই টেস্টে খেলা দলটিই খেলবে। তবে কলকাতায় দল ব্যর্থ হলে নাগপুরের চতুর্থ টেস্টে দলে যথেষ্ট পরিবর্তন আসতে পারে বলে আভাস রয়েছে। তবে বিসিসিআই আপাতত কলকাতায় দলে পরিবর্তন না আনার ব্যাপারে নির্বাচকদের সিদ্ধান্তে সন্তোষ পোষণ করেছে। বিসিসিআইয়ের মতে, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের মতো দুই গ্রেট ক্রিকেটারের বিদায়ের পর পুরো দলটিই এখন সন্ধিক্ষণে রয়েছে। এমন সময়ে পাইকারি হারে পরিবর্তন কোনো ভালো ফল নিয়ে আসতে পারবে না। ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার বলেছেন, মুম্বাই টেস্টে দলের গোটা ব্যাটিং লাইনআপই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই টেস্টে পরাজয়ের সব দায়ভার শচীন টেন্ডুলকারের কাঁধে চাপিয়ে দেওয়া রীতিমতো অন্যায়।‘টাইমস অব ইন্ডিয়া’ আজ বৃহস্পতিবার তাদের অনলাইন সংস্করণে প্রকাশিত এক বিশ্লেষণে ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষলগ্নে এসে শচীন টেন্ডুলকারের অবসর নেওয়া না-নেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক চলছে তাঁকে ‘অনভিপ্রেত’ হিসেবে বর্ণনা করেছে। পত্রিকাটি বলছে, ভারতীয় ক্রিকেটকে এত কিছু দেওয়ার পর শচীন টেন্ডুলকার এমন বিতর্কের মধ্যে পড়বেন—এটা অচিন্তনীয়।তারা বলেছে, এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটে শচীনের অবদান স্মরণ করে সবারই উচিত পুরো ব্যাপারটি একটু সাবধানতার সঙ্গে বিচার করা।তারা আরও বলেছে, বিসিসিআই ও নির্বাচকেরা যদি শচীনের সঙ্গে বসে পুরো বিষয়টি নিয়ে পর্যালোচনা করেন, তাহলে শচীন টেন্ডুলকারের জন্য সবদিক দিয়েই মঙ্গল হয়। ‘টাইমস অব ইন্ডিয়া’র মতে, শচীন অবশ্যই দলের প্রয়োজনের ব্যাপারটিই গুরুত্ব দিয়ে ভাববেন। তারা মনে করে, শচীন টেন্ডুলকার গত ২৩ বছর ধরে ভারতীয় ক্রিকেটে যে ধরনের অবদান রেখে এসেছেন, সেদিক দিয়ে নিজের সিদ্ধান্তটি নিজে নেওয়ার অধিকার শচীন রাখেন এবং সেটাই এই ক্রিকেট কিংবদন্তির জন্য সবচেয়ে ভালো পন্থা। তাঁকে নিয়ে সমালোচনা, বিতর্ক ও যেকোনো ধরনের অনুমাননির্ভর ব্যাপার-স্যাপার কোনোভাবেই কাম্য নয় বলেই মত দিয়েছে পত্রিকাটি।