অনলাইন কালোবাজারি!
ঘরে বসে বিশ্বকাপের টিকিট পেতে চান? আছে সহজ উপায়। ইন্টারনেটে www.clickbd.com ওয়েবসাইটে ঢুকেই করে ফেলতে পারেন বিশ্বকাপ দেখার ব্যবস্থা। তবে হ্যাঁ, বিশ্বকাপের টিকিট যেহেতু সোনার হরিণ, এখানে সেটা কিনতে হবে অনেক চড়া দামে।বিস্ময়কর মনে হলেও সত্যি—ইন্টারনেটের মাধ্যমে শুরু হয়ে গেছে বিশ্বকাপ টিকিটের ‘অনলাইন কালোবাজারি’! ব্যাংক থেকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আর কোনো টিকিট অবশিষ্ট নেই জানানো হলেও এই ওয়েবসাইটে প্রায় সবই মিলছে। উদ্বোধনী ম্যাচের ক্লাব হাউস গ্যালারির দুটি টিকিট বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি। প্রতিটি টিকিটের প্রকৃত মূল্য ৭০০ টাকা হলেও তিনি দাবি করছেন ১০ হাজার টাকা। তবে একসঙ্গে দুটি টিকিট কিনলে দেওয়া হবে ১ হাজার টাকা করে মূল্যছাড়। এসব তথ্যের সঙ্গে পাদটীকা হিসেবে বিক্রেতা এটাও উল্লেখ করে দিয়েছেন, ‘ফিক্সড প্রাইস...নো নেগোসিয়েশন।’ক্লিকবিডিডটকমে এ রকম বিজ্ঞাপন আরও অনেক আছে। কেউ চড়া দাম হাঁকিয়ে টিকিট বিক্রি করতে চায়, কেউ তুলতে চায় নিলামে। যোগাযোগের জন্য দেওয়া আছে মোবাইল ফোন নম্বর বা ই-মেইল ঠিকানা। ‘সোল্ড’ লিখে অনেক টিকিট বিক্রি হয়ে গেছে বলেও দেখানো হচ্ছে ওয়েবসাইটটিতে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পূর্ব গ্যালারির দুটি টিকিট বিক্রি করতে চান, ওয়েবসাইটে দেওয়া মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে ক্রেতা সেজে এই প্রতিবেদক কথা বলেছেন এমন এক বিজ্ঞাপনদাতার সঙ্গে। তাঁর দাবি, ‘আমার কাছে ২৮-৩০টি টিকিট ছিল। ৭ হাজার টাকা করে অনেক টিকিট বিক্রি করে দিয়েছি। কিন্তু এখন ডিমান্ড বেড়ে যাওয়ায় আমিও টিকিটের দাম ১০ হাজার টাকা করে দিয়েছি।’ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দুটি টিকিট ছাড়াও তাঁর কাছে নাকি এখন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচের দুটি টিকিটের ভাউচার আছে। পাওয়ার সম্ভাবনা আছে আরও কিছু ভাউচার। তবে শুধু বিক্রির জন্যই নয়, কয়েকটা টিকিট ওই বিক্রেতা রেখেছেন নিজের জন্যও।টিকিটের ভাউচার কোত্থেকে পেয়েছেন—জানতে চাইলে তাঁর দাবি, ‘আমার জানাশোনা টপ লেভেলের একজন আছেন। কিছু টিকিট উনি ম্যানেজ করে দিয়েছেন। ওনারা তো ব্যাংকে টিকিট বিক্রির তিন-চার দিন আগেই ভাউচার পেয়ে গেছেন। এ ছাড়া অনেকে দল বেঁধে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনে পরে চড়া দামে ভাউচার বিক্রি করেছে। সে রকম কিছু ভাউচারও আমি কিনেছি ব্যবসার জন্য।’টিকিট বিক্রি শুরুর আগেই ভাউচার পেয়ে যাওয়ার দাবিটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভাউচার কিনতে গিয়ে ব্যাংকের যে ফরমে ক্রেতাদের ব্যক্তিগত তথ্যাদি লিখতে হচ্ছে, টিকিট বিক্রি শুরুর দু-তিন দিন আগেই সেটি অনেক ক্রেতার হাতে চলে গেছে। এমন এক ক্রেতা এই প্রতিবেদককে সেই ফরম দেখিয়েছেনও টিকিট বিক্রি শুরুর আগে। এ ব্যাপারে তখনই সংশ্লিষ্ট ব্যাংকের এক কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, ভাউচার কিনতে ফরম পূরণের কোনো ব্যাপারই থাকবে না।ক্লিকবিডির মাধ্যমে ভাউচার কিনে শেষ পর্যন্ত টিকিট মিলবে কি না সে প্রশ্নও থাকছে। অনলাইন কালোবাজারিটা আসলে অনলাইন প্রতারণা নয়, এর কী নিশ্চয়তা? বেশির ভাগ বিজ্ঞাপনেই বলা আছে, টিকিট (ভাউচার) এখনই হস্তান্তর হবে না। অনেকে অবশ্য টিকিট হস্তান্তরের দিন-তারিখ উল্লেখ করেছেন ওয়েবসাইটে।ক্লিকবিডিডটকম তাদের ওয়েবসাইটে বিশ্বকাপ টিকিট বিক্রিসংক্রান্ত কোনো কিছুরই দায় নিচ্ছে না। টেলিফোনে ওয়েবসাইটটির বিপণন নির্বাহী ইমরান মাহমুদ বলেছেন, ‘আমরা প্রায় চার-সাড়ে বছর ধরে ওয়েবসাইটটি চালাচ্ছি। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেকোনো পণ্যই ক্রয়-বিক্রয় করতে পারবেন। তবে টিকিট বিক্রির বিজ্ঞাপনগুলো আমরা দিচ্ছি না, ওয়েবসাইটে ঢুকে বাইরের মানুষ আপলোড করছে। বিসিবি বা আইসিসি যদি বলে এটা অবৈধ এবং এ সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারে, আমরা এসব বিজ্ঞাপন ব্লক করে দেব।’এ ব্যাপারে বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির (এলওসি) টুর্নামেন্ট পরিচালক আলী আহসান (বাবু) বলেছেন, ‘ওয়েবসাইটে টিকিট বিক্রির কথা আমরাও শুনেছি। এ ব্যাপারে ওয়েবসাইট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ওনারা বলেছেন, টিকিট বিক্রি বন্ধ করে দেবেন।’কিন্তু ওয়েবসাইটটি যদি এই প্রতিশ্রুতি না রাখে, কী করার আছে বিসিবি, আইসিসি কিংবা টিকেটিং এজেন্সি কায়াজুঙ্গার! ব্যাংকের মাধ্যমে বিশ্বকাপ টিকিটের যে ভাউচার তাঁরা বিক্রি করছেন, তার কোথাও লেখা নেই এটি হস্তান্তরযোগ্য নয়, বিক্রিও করা যাবে না চড়া দামে!