অনলাইনে বোলিং কোচিং!
এমআরএফ পেস ফাউন্ডেশনের পরিচালক হিসেবে ২৫ বছর ধরে কাজ করছেন ডেনিস লিলি। বয়স হয়েছে। আর পারছেন না। ৬৩ বছর বয়সী লিলি গত মাসে ঘোষণা দিয়েছেন, ফাউন্ডেশনে এ বছরটাই তাঁর শেষ। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার আজ সোমবার জানিয়েছেন, পেস ফাউন্ডেশন ছাড়লেও অনলাইনে ফাস্ট বোলারদের কোচিং করানোর কাজটা চালিয়ে যাবেন তিনি।বার্তা সংস্থা পিটিআইকে লিলি বলেন, ‘ডেনিস লিলি অনলাইন কোচিং নামে একটি প্রকল্প চালু করতে চলেছি। এটা হবে বিশ্বে ফাস্ট বোলারদের জন্য প্রথম অনলাইন কোচিংয়ের ব্যবস্থা।’অনলাইন কোচিং-কৌশলের ব্যাখ্যা করে লিলি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়া ফাস্ট বোলারদের অনলাইনে পরামর্শ দেওয়া হবে। সফটওয়্যারের মাধ্যমে বোলিং অ্যাকশন, ডেলিভারি, রান-আপ—সবকিছু বিশ্লেষণ করা হবে। সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। মূলকথা হলো, বোলারদের ভুলগুলো শোধরানোর ব্যবস্থা এখানে থাকবে।১৯৮৭ সালে ভারতের চেন্নাইয়ে লিলির হাত ধরে পেস ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। ফাস্ট বোলারদের প্রশিক্ষণের প্রতিষ্ঠান হিসেবে গোটা বিশ্বে এটি জনপ্রিয়। পেস ফাউন্ডেশনে লিলির উত্তরসূরি হিসেবে যিনি আসছেন, সেই গ্লেন ম্যাকগ্রাও ১৯৯২-৯৩ সালে এখানে প্রশিক্ষণ নিয়েছেন।এমআরএফ পেস ফাউন্ডেশনের প্রশিক্ষণ নেওয়া ক্রিকেটারদের অন্যতম হলেন জাভাগাল শ্রীনাথ, ইরফান পাঠান, ভেঙ্কটেশ প্রসাদ, আর পি সিং, জহির খান, শ্রীশান্ত, চামিন্ডা ভাস, হিথ স্ট্রিক, মিচেল জনসন ও ব্রেট লি। স্কুলে পড়ার সময় ফাস্ট বোলার হওয়ার আশায় লিটল মাস্টার শচীন টেন্ডুলকারও এখানে প্রশিক্ষণ নিয়েছিলেন।