অনাহূত বিতর্ক
সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করা যাবে, একাদশে থাকতে পারবেন দুজন, এটাই ছিল বাইলজে। কিন্তু কাল সিসিডিএমের সভায় হঠাৎ করেই নিবন্ধনের কোটা বাড়িয়ে করা হলো ৭! গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মোহামেডান। দলের কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম জানিয়েছেন, আজ তাঁরা মাঠে যাবেন, কিন্তু আবাহনী যদি আগেই নিবন্ধন করানো পাঁচজনের বাইরে কোনো বিদেশিকে খেলায় তাহলে ম্যাচ খেলবেন না।লিগের মাঝপথে হঠাৎ কেন বাইলজ বদলাতে হলো? ব্যাখ্যা দিলেন সিসিডিএমের চেয়ারম্যান ও আবাহনীর কর্মকর্তা জি এস হাসান তামিম, ‘সব দলের বিদেশি ক্রিকেটাররাই আসা-যাওয়ার মধ্যে আছে, অনেকে কোয়ালিটি ক্রিকেটার পায়নি। দলগুলো তাই চাইছে, কোটা বাড়ানো হোক। এক মোহামেডান ছাড়া বাকি সব দলেরই সম্মতি আছে এই সিদ্ধান্তে।’ তবে ‘বাকি সব দল’—এর একটি বিমানের অধিনায়ক সানোয়ার হোসেন কিন্তু বলেছেন অন্য কথা, ‘লিগের মাঝপথে এমন সিদ্ধান্ত আমরা সমর্থন করি না। কোনো একটি ক্লাবের সুবিধার জন্য নিয়ম পরিবর্তন মানা যায় না।’ মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান লুৎফর রহমানের যুক্তি, ‘বাইলজ হলো সংবিধানের মতো, এটির পরিবর্তন হতে হবে সর্বসম্মতিক্রমে। একজন বাকি থাকলেও হবে না।’একটি সূত্র জানিয়েছে, সুপার লিগে জাতীয় দলের ক্রিকেটাররা থাকবেন না বলে কোটা বাড়ানোর আবেদন করেছে আবাহনী। সে ক্ষেত্রে একটা সম্পূরক প্রশ্নও তুলেছেন মোহামডোন দলের কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম, ‘সুপার লিগে জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবে না, কোটা বাড়ানো তাহলে কেন এখনই কার্যকর করা হবে?’