প্রথম একাদশে এখন আর জায়গা পান না, বেঞ্চেই বসতে হয়। ক্লাবে কোনো জার্সি নম্বরও পাননি। তবু কাগজে-কলমে তো ভিক্টর ভালদেস এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের সদস্য। দলের সবাই যখন একটা অনুষ্ঠানে আমন্ত্রিত, সেখানে সৌজন্যের খাতিরেও একটা নিমন্ত্রণের আশা তো করতেই পারেন। কিন্তু ইউনাইটেডের কাছে ভালদেস এতটাই ‘অপ্রয়োজনীয়’ হয়ে গেছেন যে তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। পরশু ইউনিসেফের তহবিল সংগ্রহের উদ্দেশে ইউনাইটেড যে জমকালো নৈশভোজ দিল, সাবেক বার্সা গোলরক্ষক তাতে থেকে গেলেন উপেক্ষিত। কিন্তু ভালদেস সেখানে না থাকার মানেই যে নিমন্ত্রণ পাননি, সেটা কীভাবে জানা গেল? ভালদেসের স্ত্রীই ইনস্টাগ্রামে জানিয়েছেন, ইউনাইটেডের মতো বড় ক্লাবের কাছ থেকে এটা তিনি আশা করেননি। কোচ লুই ফন গালের সঙ্গে এমনিতেই বেশ চাপান-উতোর চলছিল ভালদেসের। ক্লাব ছাড়বেন বলেও জল্পনা। এখন বোধ হয় সেটা সময়েরই ব্যাপার। গোলডটকম।