‘ফেবারিট’ ওয়েস্ট ইন্ডিজের আসল রূপটা দেখা গিয়েছিল আগের ম্যাচেই। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল ১৫ রানে। কিন্তু কাল শ্রীলঙ্কার মুখোমুখি হতেই উড়ে গেল সেই ওয়েস্ট ইন্ডিজ। ১২০ বলের ম্যাচে শ্রীলঙ্কা জয় তুলে নিয়েছে ২৮ বল আর ৯ উইকেট হাতে রেখেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার ওভার নাটকে জয়ের পর কালকের এই অনায়াস জয়—সেমিফাইনালের স্বপ্নটা অনেকটাই রঙিন করে ফেলল শ্রীলঙ্কা। ম্যাচের ভাগ্য মূলত গড়ে দিয়েছিল শ্রীলঙ্কার বোলাররাই। ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিয়েছিল মাত্র ১২৯ রানে। ১৩০ রানের লক্ষ্যে দলকে ২২ রানেই রেখে তিলকরত্নে দিলশান ফিরে যান বটে। কিন্তু দ্বিতীয় উইকেটে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি ২৮ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে এনে দেয় জয়। বলের হিসেবে এটাই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়। ১ ছক্কা ১০ চারে জয়াবর্ধনে অপরাজিত থাকেন ৪৯ বলে ৬৫ রান করে। ম্যাচসেরাও তিনিই। ৫ চারে সাঙ্গাকারা করেন অপরাজিত ৩৯ রান। এই ইনিংসের পথে সাঙ্গাকারা বিশ্বের ষষ্ঠ এবং শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক।ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল খুবই বাজে। পাওয়ার প্লের ৬ ওভারে ৫০ রান না হলে ছোট দলগুলোও যেখানে খুশি হয় না, সেখানে ওয়েস্ট ইন্ডিজ করল ২ উইকেটে ২০ রান! ৫০ ছোঁয় ৯.৪ ওভারে! এর পরও মারলন স্যামুয়েলস (৩৫ বলে ৫০) ও ডুয়াইন ব্রাভোর (৩৪ বলে ৪০) ৬৫ রানের জুটিতে ৫ উইকেটে ওই পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। তথ্যসূত্র: ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৯/৫ (চার্লস ১২, গেইল ২, স্যামুয়েলস ৫০, ব্রাভো ৪০, পোলার্ড ১, রাসেল ১৯, স্যামি ১; ম্যাথুস ১/৩১, কুলাসেকারা ১/২৮, মালিঙ্গা ০/২৬, অজন্তা মেন্ডিস ২/১২, হেরাথ ০/১৬, জীবন মেন্ডিস ১/১২)। শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ১৩০/১ (মাহেলা জয়াবর্ধনে ৬৫*, তিলকরত্নে দিলশান ১৩, কুমার সাঙ্গাকারা ৩৯*, রবি রামপাল ১/৩৯, ফিদেল এডওয়ার্ডস ০/২৪, সুনীল নারাইন ০/২৩, ড্যারেন স্যামি ০/২৮, আন্দ্রে রাসেল ০/১১, ক্রিস গেইল ০/২)। ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মাহেলা জয়াবর্ধনে।