অনির্দিষ্টকাল সাদারল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান চুক্তিটা শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালের জুনে, বিশ্বকাপের পর। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হিসেবে জেমস সাদারল্যান্ডের সেই চুক্তি নবায়ন করা হয়েছে। নতুন মেয়াদে তিনি এ পদে থাকবেন অনির্দিষ্ট সময়ের জন্য! অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান হিসেবে সাদারল্যান্ড যে অসাধারণ কাজ করছেন তারই পুরস্কারস্বরূপ চুক্তিতে এ পরিবর্তন। ২০০১ সালে সবচেয়ে কম বয়সী প্রধান নির্বাহী হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন সাদারল্যান্ড৷ সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ৩৫৷ ১৩ বছর দায়িত্ব পালনের পর আবারও অনির্দিষ্ট মেয়াদে এ পদে থাকার প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত সাদারল্যান্ডও, ‘আমি বোর্ডের কাছে কৃতজ্ঞ যে তারা আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন।’ এএফপি।