অনিশ্চিত নায়কদের ভবিষ্যৎ
পারলে পুরো লন্ডন শহর যেন নীল হয়ে যায়! মিউনিখে ‘রোমান’ সাম্রাজ্যের জয় ঘোষণার পর আর বেশি দেরি করেনি। দ্রুতই লন্ডনে ফিরে এসেছে চেলসি। পরশু ছাদখোলা বাসে হয়ে গেল বিজয় শোভাযাত্রাও। নীল জার্সি পরা হাজার হাজার চেলসি সমর্থকও ছিল এই শোভাযাত্রায়। বাসটার রংও করা হয়েছিল নীল। বাসের গায়ে সগর্বে লেখা বাক্যটি ছিল: চ্যাম্পিয়নস অব ইউরোপ!এই প্রথম লন্ডনে হলো এমন উৎসব। এর আগে এই নগরের আর কোনো ক্লাব যে এনে দিতে পারেনি এই ট্রফি। পশ্চিম লন্ডনের ক্লাব হলেও চেলসির এই অর্জন তাই ঘুচিয়ে দিয়েছিল পূর্ব-পশ্চিমের ব্যবধান। ভিড় করা জনতার কণ্ঠে ছিল গান-স্লোগান। অনেকের হাতে দুলছিল ব্যানার-ফেস্টুন। একজনের হাতের ব্যানার বলছিল—‘দিদি যেয়ো না, রবি যেয়ো না।’অনুরোধটি দিদিয়ের দ্রগবা আর রবার্তো ডি মাত্তেওর উদ্দেশে। চেলসির ঐতিহাসিক জয়ের দুই নায়কের ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তায় ঢাকা। শেষ পর্যন্ত মাত্তেও থেকে গেলেও দ্রগবা থাকবেন কি না, এখনো নিশ্চিত নয়। এরই মধ্যে যুক্ত হয়েছে তৃতীয় আরেকজনকে হারিয়ে ফেলার শঙ্কা। ফার্নান্দো তোরেস প্রকাশ্যেই বলেছেন, এভাবে অচল মুদ্রা হয়ে চেলসিতে আর থাকতে চান না। ফর্মের সঙ্গে ধুঁকতে থাকা তোরেসকে গত মৌসুমের মাঝপথে লিভারপুল থেকে ৫ কোটি পাউন্ডে কিনে এনেছিল চেলসি। কিন্তু চেলসিতেও হারানো ছন্দ খুঁজে পাননি। এই মৌসুমে লিগে মাত্র ৬টি গোল। মাঝখানে দীর্ঘ সময়ে গোলের দেখাও পাননি।তবে স্প্যানিশ এই স্ট্রাইকার দাবি করলেন, চেলসি তাঁকে ঠিকমতো ব্যবহার করেনি। বেশির ভাগ ম্যাচে বসিয়ে রেখেছে। সুযোগ পেয়েছেন সামান্যই। এমনকি প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ এনেছেন ক্লাবের বিরুদ্ধে! এ মৌসুমটিকে ক্যারিয়ারে সবচেয়ে কঠিন বলছেন তোরেস, ‘এই মৌসুমে এমন এমন অভিজ্ঞতা হয়েছে, যেটা আগে কখনো হয়নি। আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেটা আমি প্রত্যাশা করিনি, যখন আমি ক্লাবে সই করি তখন কিন্তু অন্য রকমই বলা হয়েছিল।’চেলসিতে নিজের ভবিষ্যৎ নিয়ে তোরেসেরই আছে প্রশ্ন, ‘দেখতে হবে আমার ভবিষ্যতে কী আছে। কারণ এই মৌসুমে আমার যে ভূমিকা ছিল সেই ভূমিকা রাখার জন্য এখানে আসিনি।’ নিজের ব্যর্থতা স্বীকার করছেন। তবে আত্মবিশ্বাসের ঘাটতির জন্য ক্লাবের তৈরি করা অনিশ্চয়তাকেও দায়ী করলেন তোরেস, ‘এমনও অনেক সময় এসেছে, মনে হয়েছে আমি পরাজিত। বুঝতে পারছিলাম না আমার কী করা উচিত।’ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ও তাঁর কাছে সান্ত্বনা হতে পারছে না, ‘আমি চাই, কেউ একজন এসে বলুক আমার ভবিষ্যতে কী আছে। অনেক খারাপ সময়ের ভেতর দিয়ে গেছি। আমার ক্যারিয়ারে জঘন্যতম সময়। আমি এর মধ্যে থাকতে চাই না।’এদিকে দ্রগবা আর ডি মাত্তেওকে নিয়ে এখনো অনিশ্চয়তা আছে জানিয়ে ফক্সস্পোর্টস তাদের ওয়েবসাইটে লিখেছে, দ্রগবা কমপক্ষে দুই বছরের চুক্তি চান। কিন্তু চেলসি এক বছরের বেশি দিতে নারাজ। রোমান আব্রামোভিচ আসলে নতুন করে দলকে ঢেলে সাজাতে চান। এভাবে রক্ষণাত্মক খেলে নয়, আক্রমণ করেই দল যাতে জেতে সেই শক্তিই এনে দিতে চান। নতুন স্ট্রাইকারের ওপরেও চোখ আছে তাঁর। অবশ্য চেলসির ভেতরের একটি সূত্রের বরাতে ফক্সস্পোর্টস জানিয়েছে, শিগগিরই মাত্তেওকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হতে পারে। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।