অনিশ্চিত পথের দুই যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই অধিনায়কের সংবাদ সম্মেলন পিঠোপিঠি। একজন যখন ফিরছেন, আরেকজন আসছেন। মাঠেই দেখা হলো দুজনের। কী একটা রসিকতা করে নিজের গালে হাত বোলালেন দুজনই। হয়তো মুখে দাড়ি-গোঁফের দঙ্গল নিয়েই কিছু একটা বলেছেন কেউ। এই একটা জায়গায় কাল মিলে গেলেন ব্রেন্ডন ম্যাককালাম ও স্টুয়ার্ট ব্রড। দুজন হাজির শ্মশ্রুমণ্ডিত চেহারায়। যেন দুশ্চিন্তায় নাওয়া-খাওয়া নেই কত দিন!
বাস্তবতা সেটা অবশ্যই নয়। দুজনের কথায়ও ভাবনার পাকে ঘুরপাক খাওয়ার লেশ নেই। সরাসরি জয়ের কথাই তো বলতে চান না কেউ! টুর্নামেন্টে লক্ষ্য নিয়েও যেমন দুজনের কেউ খুব নিশ্চিত নন। ম্যাককালাম যেমন শিরোপার প্রসঙ্গ উঠলেই বারবার বলে যাচ্ছেন তাঁদের চোখ আসলে ঘরের মাঠের ২০১৫ বিশ্বকাপে। স্টুয়ার্ট ব্রডও সরাসরি চোখ রাখতে চান না ট্রফিতে, ‘আমরা মোটেও আলোচনা করছি না যে বিশ্বকাপ জিতব বা চ্যাম্পিয়ন হব। শুধু ছোট ছোট দিক বা প্রক্রিয়াগুলো ঠিকঠাক করতে চাই।’ দুই অধিনায়কেরই ভাবটা যেমন এমন, দেখা যাক কত দূর যাওয়া যায়!
সেই পথচলায় বড় একটা পদক্ষেপ হতে পারে আজকের ম্যাচে জয়। দুর্দান্ত ফর্ম আর কন্ডিশনের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের কারণে এই গ্রুপে শ্রীলঙ্কাকে একরকম ফেবারিট মেনে নিয়েছে সব প্রতিপক্ষ। লড়াই বাকি একটি জায়গার জন্য। আজকের ম্যাচে জয়ী দল সেই লড়াইয়ে এগিয়ে যাবে এক ধাপ।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস একদমই একতরফা। নিউজিল্যান্ডের তিন জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ৭ ম্যাচে। তবে এই পরিসংখ্যান বাস্তবতা তুলে ধরবে সামান্যই। দুই দলের সর্বশেষ সিরিজে ইংল্যান্ডের মাটিতেই জিতেছে নিউজিল্যান্ড। যে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে এখানে এসেছে ইংল্যান্ড, সেই বিশ্ব চ্যাম্পিয়ন দলকেই সর্বশেষ সিরিজে ধবলধোলাই করেছে নিউজিল্যান্ড। সামর্থ্যের বিচারেও পিটারসেনহীন ইংল্যান্ডের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। হেলস-বাটলার-বোপারাদের ঝড় তোলার সামর্থ্য আছে, তবে ইংলিশদের সত্যিকার ম্যাচ উইনার বলতে গেলে কেবল এউইন মরগান। নিউজিল্যান্ডের সেখানে একাই ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার আছেন বেশ কজন। সর্বশেষ সংযোজন যেখানে কোরি অ্যান্ডারসন, বিশ্ব ক্রিকেটে সময়ের আলোচিত নাম। সঙ্গে জিমি নিশামকে মিলিয়ে দারুণ দুজন পেস বোলিং অলরাউন্ডার দলীয় সমন্বয়ে এগিয়ে রাখছে নিউজিল্যান্ডকে।
প্রতিপক্ষের মতোই দুই দলের সমান ভাবনা প্রকৃতি নিয়েও। রাতের ম্যাচ বলে চট্টগ্রামের শিশির নিয়ে শঙ্কায় দুই দলই। কাল তাই ভেজা বলে বোলিং-ফিল্ডিং অনুশীলন করেছে ইংলিশরা। শিশিরের জন্য আলাদা প্রস্তুতির কথা জানালেন ম্যাককালামও। তবে যে মাত্রায় শিশির পড়ছে চট্টগ্রামে তাতে ম্যাচের ফলে বড় ভূমিকা থাকতে পারে টসের।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড
মোট ইংল্যান্ড নিউজিল্যান্ড পরি.
মোট ১১ ৭ ৩ ১
বিশ্বকাপে ৩ ২ ১ ০