অনিশ্চিত পেলের মূর্তি

ধীর গতির নির্মাণকাজ, ব্রাজিলের বিশ্বকাপ স্টেডিয়ামগুলো সময়মতো প্রস্তুত হবে কি না, সংশয় আছে এখনো। এখন সংশয় মারাকানায় ফুটবল-সম্রাট পেলের ভাস্কর্য বসবে কি না, সেটা নিয়েও। স্বয়ং ভাস্করই বলছেন, তিনি এখনো জানেন না ভাস্কর্যটা আদৌ স্টেডিয়ামে স্থাপন করা হবে কি না। ব্রাজিলের বিখ্যাত ভাস্কর ইকের বানানো পেলের মূর্তিটি মারাকানায় বসানোর কথা ছিল গত ডিসেম্বরেই। পেলের নিতম্বে অস্ত্রোপচারের কারণে তারিখটা পিছিয়ে চলে আসে এ বছরের মার্চে। কিন্তু তখন রিও ডি জেনিরো রাজ্যের ক্রীড়ামন্ত্রী মার্সিয়া লিনস সরে যান মন্ত্রণালয় থেকে। এর পর থেকে ভাস্কর্য নিয়ে আর একটা কথাও নাকি শোনেননি ইকে। বিষয়টাকে নিজের জন্য তো বটেই, পেলের জন্যও অপমানকর মনে করছেন ইকে। ৩০০ কেজি ওজনের প্রমাণ আকৃতির মূর্তিটির জন্য ১৯৭০ বিশ্বকাপের চেকস্লোভাকিয়ার বিপক্ষে করা পেলের একটি গোলের ছবি বেছে নেওয়া হয়েছে। এএফপি।