অনিশ্চিত বাতিস্তার ভবিষ্যৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন ছিল দল রেকর্ড ১৫তম শিরোপা জিতবে, স্মরণীয় উৎসব হবে। কিন্তু উরুগুয়ের কাছে হেরে সার্জিও বাতিস্তার দল কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েছে। আর্জেন্টাইনদের কাছে নিজেদের দেশে চলমান কোপা আমেরিকা এখন ভিনদেশিদের টুর্নামেন্ট। কোপায় আর্জেন্টাইনদের আর এতটুকু মন নেই।সেমিফাইনাল চলার সময়টা কিনা আর্জেন্টাইনদের কেটেছে ঘুমিয়ে! সমর্থকদের সঙ্গে কোপা থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে স্থানীয় ধারাভাষ্যকারেরাও। কয়েক দিন পরই শুরু হবে ঘরোয়া ফুটবল লিগ। তাদের দৃষ্টি বরং এই লিগে। ইতিহাসে প্রথমবারের মতো অবনমিত হয়ে রিভার প্লেট নেমে গেছে দ্বিতীয় বিভাগে। রিভার প্লেট শীর্ষ লিগে ফিরে আসতে পারে কি না, অধিকাংশ বুয়েনস এইরেসবাসীর কৌতূহলী দৃষ্টি সেদিকেই।কোপা আলোচনা একেবারেই বন্ধ, তা নয়। খেলা না দেখলেও খাবার হোটেলে, চায়ের দোকানে আলোচনা চলছেই। কিন্তু এ আলোচনাটার পুরোটাই ‘শত্রু’ উরুগুয়েকেন্দ্রিক। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইনদের ১৫তম শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া উরুগুয়ে এখন শিরোপা জয়ের অপেক্ষায়। জিতলে তারা করবে রেকর্ড ১৫তম শিরোপার উৎসব। কিন্তু চোখের সামনে রিভার প্লেট নদীর ওপারের শত্রুদের শিরোপা উৎসব করতে দেখাটা আর্জেন্টাইনদের কাছে খুবই কষ্টের হবে। কোপা নিয়ে আর্জেন্টাইনদের মনের অবস্থা যখন এই, তখন স্বপ্নভঙ্গের সারথি কোচ সার্জিও বাতিস্তার ভবিষ্যৎও অনিশ্চিত। কোচের চাকরিটা তাঁর থাকবে নাকি ব্যর্থতার দায়ভার নিয়ে সরে যেতে হবে—কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। যদিও কোপা-ব্যর্থতার পরও কোচের পদ থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন সার্জিও বাতিস্তা। কিন্তু পরিবর্তনের একটা রব উঠে গেছে।প্রিয় দলের কোপা-ব্যর্থতার পর ম্যারাডোনা-ভক্ত সমর্থকেরা ‘ডিয়েগো ম্যারাডোনাকে ফিরিয়ে আনো’ দাবিতে সোচ্চার। দেশটির গণমাধ্যমের খবর, বাতিস্তার বিকল্প হিসেবে সংক্ষিপ্ত তালিকায় আছে প্যারাগুয়ের কোচ জেরার্ডো মার্টিনোর নামও। এ অবস্থায় দৈনিক ওলের খবর, আগামী সোমবার বৈঠকে বসছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বাতিস্তা কোচ থাকবেন কি থাকবেন না, সেটি নির্ধারিত হবে এই বৈঠকেই। ওয়েবসাইট।