অনিশ্চিত মামুনুল অভিষেক জামালের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের প্রতীক্ষা দুই রকম। একজন খেলার জন্য মুখিয়ে আছেন। কোচের সবুজ সংকেতের অপেক্ষা। আরেকজনকে যে করেই হোক কোচ দলে চাইছেন।
সামনে স্বাগতিক নেপাল। অষ্টম সাফ ফুটবল জয় দিয়ে শুরু করার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু এই অগ্নিপরীক্ষায় যাঁকে দলে সবচেয়ে বেশি দরকার, সেই প্লে-মেকার ও অধিনায়ক মামুনুল ইসলামই আজ অনিশ্চিত। মাঠে নামতে পারবেন কি না জানেন না।
একইভাবে জামাল ভূঁইয়াও খেলবেন নিশ্চিত নন। তবে সম্ভাবনা প্রবল। কোচ লোডভিক ডি ক্রুইফ আজ সকালে দল চূড়ান্ত করবেন। লাল-সবুজ জার্সি গায়ে অভিষেক হয়ে যেতে পারে কোনো প্রবাসী ফুটবলারের। এমনই আভাস মিলেছে দলের একটি সূত্রে।
দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে আলোড়ন তুলেছিলেন পাকিস্তানের জেশ রহমান। ইংল্যান্ডের ফুলহামে খেলা এই পাকিস্তানির সঙ্গে আরও কয়েকজন প্রবাসীকে নিয়ে পাকিস্তান দলটা শক্তি সঞ্চয় করেছিল অনেকটা। ২০০৫ সালে পাকিস্তানের হয়ে অভিষেকের পর জেশ এবারের সাফেও আছেন। তবে হংকংয়ে বর্তমানে পেশাদার ফুটবল খেলা জেশের সঙ্গে এবারের পাকিস্তান দলে আরও চারজন প্রবাসী আছেন। দুজন খেলেন ডেনমার্কে, যাঁদের সঙ্গে বন্ধুত্ব আছে বাংলাদেশের জামালের।
আফগানিস্তান দলটা তো ‘প্রবাসী’র ভিড়ে ঠাসা। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, নরওয়ে, হল্যান্ডসহ আরও কয়েকটি দেশের প্রবাসী আফগান এই সাফে লড়বেন যুদ্ধবিধ্বস্ত দেশটির জার্সি গায়ে।
দেশের জার্সি পরার স্বপ্নপূরণের আনন্দ এই খেলোয়াড়দের চোখেমুখে। জামাল ব্যতিক্রম হবেন কেন? ২৩ বছরের এই তরুণকে জাতীয় দলে অভিষেকের স্বপ্নময় ক্ষণের কথা মনে করিয়ে দিলে শুধু বললেন, ‘কোচ যদি আমাকে সুযোগ দেন, সেটি হবে আমার জীবনের একটা বড় স্বপ্নপূরণ। এমন একটি দিনের জন্যই আমি পরিবার ছেড়ে বাংলাদেশ দলের সঙ্গে আছি।’
জামালের সম্ভাব্য অভিষেকলগ্নে মামুনুলের মনটা খারাপ। নিজে চান খেলতে। কিন্তু এক শ ভাগ ফিট না হলে খেলা উচিত হবে না, ভুলছেন না সেটি বলতেও। কোচ ডি ক্রুইফ জানিয়েছেন, ‘আমি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব মামুনুলের জন্য। ওকে ভীষণ প্রয়োজন।’