অনিশ্চিত মার্টিনোর ভবিষ্যৎ

শিরোপা জয়ের আশা ফিকে হয়ে গিয়েছিল আগেই। শুধু অঙ্কের হিসাবে একটা সূক্ষ্ম সম্ভাবনা টিকে ছিল অনেক ‘যদি’ আর ‘কিন্তু’র ওপর। সেই সম্ভাবনাও বার্সেলোনা নিজেরাই প্রায় শেষ করে দিল পরশু গেটাফের সঙ্গে ২-২ গোলে ড্র করে।
ছয় বছর পর বড় কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করার দায়টা স্বভাবতই নিতে হচ্ছে কোচ জেরার্ডো মার্টিনোকে। দায় নিলেই তো সব ব্যর্থতা মুছে গেল না। তাই আগামী মৌসুমে বার্সেলোনার কোচ হিসেবে থাকবেন কি না মার্টিনোকে এখন সেটিও ভাবতে হচ্ছে!
রিয়াল মাদ্রিদের কাছে ফাইনালে হেরে শেষ হয়ে গিয়েছিল কোপা ডেল রের স্বপ্ন। চ্যাম্পিয়নস লিগের পথচলা থেমেছে কোয়ার্টার ফাইনালে। এরপর পরশুর এই ড্রয়ে কার্যত শেষ লা লিগার শিরোপার আশাও।
সব মিলিয়ে মৌসুমটা ভালো যায়নি স্বীকার করছেন বার্সা কোচও, ‘ব্যক্তিগতভাবে আমি খুব একটা ভালো মৌসুম কাটাইনি, বার্সেলোনার সার্বিক পারফরম্যান্সও ভালো ছিল না। অনেক প্রশ্নের জবাব ছিল না আমাদের কাছে, মৌসুমটা তাই কঠিনই গেছে।’ এমনকি দ্বিধা করেননি নিজ দলের আরও কড়া সমালোচনা করতেও, ‘অবনমন থেকে বাঁচতে লড়ছে এমন একটা দলকে যদি আপনি নিজের মাঠে হারাতে না পারেন তাহলে শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকার যোগ্যতা নেই আপনার। যে তিনটা দল শিরোপার দাবিদার, তাদের মধ্যে আমরাই সবচেয়ে কম ধারাবাহিক ছিলাম।’
এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণেই মাত্র এক মৌসুম পর বার্সেলোনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মার্টিনো, ‘এমন কিছু সময় আছে যখন আপনি আরেকটা সুযোগ চাইতে পারেন। আবার কিছু সময় এমন যখন আপনারই মনে হবে যে কোনো সুযোগ পাওয়া উচিত নয়। আমার কী করা উচিত সেটা আমি ভাবছি।’
অলৌকিক কিছু ছাড়া লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা নেই এটা জানেন জাভিও। বার্সেলোনা মিডফিল্ডার তাই এই মৌসুমটা ভুলে নতুন শুরু চান আগামী মৌসুমে, ‘আমরা শেষ হয়ে গেছি। ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। স্প্যানিশ সুপার কাপের শিরোপা বাদ দিলে এই মৌসুমটা আমাদের ভুলেই যেতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।