অনিশ্চিত শেখ জামালের ভারত-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই আসে আমন্ত্রণ। ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব আইএফএ শিল্ডে খেলতে ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি প্রায় শেষ করে ফেলে। কিন্তু শেষ মুহূর্তে ভিসার জন্য ভারতের ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টে শেখ জামালের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারত সরকারের নতুন আইন অনুযায়ী সে দেশে খেলতে যেতে হলে ভারতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিপত্র আবশ্যিক। এটি না হলে ভিসা মেলে না। বিষয়টা জানা ছিল না শেখ জামাল কর্মকর্তাদের। পরে ভারতীয় ফুটবল ফেডারেশনের মাধ্যমে ওই অনুমতিপত্র এনে ক্লাবটি দেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা জোগাড় করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে। কিন্তু সাত বিদেশি খেলোয়াড়ের ভিসা তারা এখনো করতে পারেনি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন না করায়।
আজই কলকাতার উপকণ্ঠে বারাসাত স্টেডিয়ামে শেখ জামালের প্রথম ম্যাচ খেলার কথা মোহনবাগানের সঙ্গে। কলকাতা মোহামেডান ও সিকিম ইউনাইটেডের সঙ্গে তাদের পরবর্তী দুটি ম্যাচ আগামী ২ ও ৫ ফেব্রুয়ারি। সনি নর্দে, ওয়েডসন, ডার্লিংটনের মতো বিদেশি খেলোয়াড়েরাই বড় ভরসা দলটির। এঁদের ছাড়া এই টুর্নামেন্টে খেলার কথা তারা ভাবতেই পারে না। শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন, ‘আমাদের স্থানীয় খেলোয়াড়দের ভিসা হয়েছে। কিন্তু বিদেশিদের আরও সময় লাগবে। এটা জানার পরই ভারতে যাব কি যাব না ভাবছি।’ তবে এখনই সফর বাতিল করছেন না তিনি, ‘আজ (কাল) সিঙ্গাপুরের একটি ক্লাবের এই টুর্নামেন্টে খেলার কথা ছিল। ওরাও ভিসা জটিলতায় আটকে গেছে। ওদের খেলা পেছানো হয়েছে। আমরাও আয়োজকদের প্রতিযোগিতা পেছানোর অনুরোধ করেছি। পেছানো হলে যেতেও পারি।’
এর আগে ভিসা জটিলতায় ভারতে খেলতে যেতে পারেনি বাংলাদেশ মহিলা কাবাডি দল ও পাঁচ কারাতে খেলোয়াড়। বাংলাদেশের প্রিমিয়ার হকি লিগে খেলতে আসতে পারেননি ভারতের চারজন হকি খেলোয়াড়।