অনিশ্চয়তা সরিয়ে শুরু আজ জাতীয় লিগ
গত জাতীয় লিগের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হয়েও এবার খুলনা দলে সুযোগ পাননি তুষার ইমরান। পেসার শুভাশীষ রায়কে সিলেটের হয়ে খেলতে অনাপত্তিপত্র দিচ্ছে না রাজশাহী। বাংলাদেশ ‘এ’ দলের সর্বশেষ অধিনায়ক হান্নান সরকার এখনো দলহীন। এ রকম আরও কিছু বিষয় অমীমাংসিত রেখেই আজ থেকে শুরু হচ্ছে ১১তম জাতীয় লিগ।নতুন ফরম্যাটে জাতীয় লিগ শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি থেকে। কিন্তু হঠাত্ই আর্থিক সুবিধা বাড়ানো এবং পুরোনো ফরম্যাটে লিগ আয়োজনের দাবিতে লিগ বয়কটের হুমকি দেন ক্রিকেটাররা। ক্রিকেটার কল্যাণ সমিতি (কোয়াব) সংবাদ সম্মেলন করে জানায়, তাদের দাবি অনুযায়ী ম্যাচ ফি না বাড়ালে এবং লিগ পুরোনো ফরম্যাটে না হলে কোনো ক্রিকেটার এবার জাতীয় লিগে খেলবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাল্টা জবাবটা দেয় বেশ কড়া ভাষায়। জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হয় খেলোয়াড়দের কোনো দাবিই মানা হবে না, কোয়াবের সঙ্গেও কোনো আলোচনা নয়। জাতীয় লিগ শুরুর নতুন তারিখ পড়ে ১৩ জানুয়ারি। ‘কোয়াবকে বোর্ড স্বীকৃতি দেয় না’ জানিয়ে বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল হুঁশিয়ারি দেন, ১৩ জানুয়ারি থেকে শুরু জাতীয় লিগে কোনো ক্রিকেটার অংশ না নিলে ভবিষ্যতে বোর্ডের আর কোনো খেলায় তাঁকে অংশ নিতে দেওয়া হবে না।বোর্ডের কঠোর অবস্থানের পর ক্রিকেটাররা নিজেদের মধ্যে একাধিক সভা করে জাতীয় লিগে খেলারই সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত। তবে কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, ছয়টি বিভাগীয় দলের জন্য টুর্নামেন্ট কমিটির দেওয়া প্রথম খেলোয়াড় তালিকা বহাল রেখেই হতে হবে জাতীয় লিগ। বেশির ভাগ ক্ষেত্রেই বিভাগীয় দলগুলো সে তালিকা বহাল রাখলেও দু-একটা জায়গায় ব্যতিক্রম ঘটছে। তবে টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন আশ্বাস দিয়েছেন, এসব সমস্যা সমাধানের চেষ্টা করবেন তাঁরা। কোয়াবেরও আশা, আজ থেকে শুরু প্রথম ম্যাচে না হলেও বাদ পড়া ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচ থেকে জাতীয় লিগে খেলতে পারবেন। জরুরি সভায় ১৩ জানুয়ারি থেকে শুরুর সিদ্ধান্ত হলেও ত্রিদেশীয় সিরিজের ফাইনালের জন্য এক দিন পিছিয়ে সেটা শুরু হবে আজ।নতুন ফরম্যাট অনুযায়ী এবার জাতীয় লিগ হবে তিন পর্বে। আগের হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি বাদ দিয়ে এবার লিগের সব ম্যাচই হবে নিরপেক্ষ ভেন্যুতে। প্রথম পর্বে সব দল সবার সঙ্গে খেলবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। এই পর্বের শীর্ষ চার দল খেলবে দ্বিতীয় পর্বে, শেষ দুই দলের জাতীয় লিগ ওখানেই শেষ। প্রথম পর্বের শীর্ষ চার দল সিঙ্গেল লিগ পদ্ধতিতে দ্বিতীয় পর্ব খেলবে এবং দ্বিতীয় পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। চার দিনের ম্যাচ শেষ হওয়ার পর শুরু হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগ।আজ থেকে শুরু চার দিনের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী ফতুল্লা স্টেডিয়ামে খেলবে সিলেটের বিপক্ষে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খুলনা-ঢাকা ম্যাচ ও খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ বরিশাল ও চট্টগ্রাম।