অনীক ইসলামের পর মাহফুজা খাতুন (শিলা)। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে পদক জয়ের স্বপ্ন দেখাটা বাড়াবাড়ি। কিন্তু বার্সেলোনায় নিজেদের সেরা টাইমিংও করতে পারলেন না বাংলাদেশের দুই প্রতিযোগী।
বার্সেলোনায় কাল বাংলাদেশের শেষ প্রতিযোগী মাহফুজা বাদ পড়েন ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকের হিটেই। ৩৫.৬৩ সেকেন্ড সময় নিয়ে ৭৪ জনের মধ্যে ৬১তম হয়েছেন নৌবাহিনীর সাঁতারু। হিটে দশজনের মধ্যে হয়েছেন দ্বিতীয়। গত এপ্রিলে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছিলেন ৩৬.০৪ সেকেন্ড সময় করে, সে তুলনায় মাহফুজা একটু ভালো করেছেন। যদিও নিজের সেরাটা করেছিলেন তিন বছর আগে, ২০১০ এসএ গেমসে। সেবার ৩৫.৪৩ সেকেন্ড সময় নিয়ে জিতেছিলেন রুপা। বার্সেলোনায় এই ইভেন্টে সেমিফাইনালে ওঠা ইউলিয়া ইফিমোভা হিটেই করেছেন নতুন বিশ্ব রেকর্ড। ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন রুশ তরুণী। বিশ্বমানের সাঁতারুদের চেয়ে বাংলাদেশ যে ‘আলোকবর্ষ’ পিছিয়ে আছে, এই ব্যবধান তারই প্রমাণ।
বার্সেলোনায় অংশ নেওয়া বাংলাদেশের অন্য দুই সাঁতারু অনীক ইসলাম এবং মাহফিজুর রহমানও (সাগর) হিটে বাদ পড়েছিলেন। অনীক ৫০ মিটার বাটারফ্লাইয়ে ৭৮ জনের মধ্যে ৬১তম, আর ৫০ মিটার ফ্রিস্টাইলে মাহফিজুর ১০৬ জনের মধ্যে ৫৯তম হয়েছেন।