অনুজ্জ্বল মেসি
ভালো শুরু করে শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে হোঁচট খাওয়া। গত দুই কোপা আমেরিকাতে সেটাই হয়ে এসেছে আর্জেন্টিনার বেলায়। ২০০৪-এর কথাই ধরুন। সেবার নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ৬-১ গোলে। ৫ ম্যাচে (গ্রুপ পর্বে তিন ম্যাচ+কোয়ার্টার-সেমিফাইনাল) ১৪ গোল করে উঠে এসেছিল ফাইনালে। ২০০৭-এ তো আরও দুর্দান্ত খেলছিল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে শুরু। পাঁচ ম্যাচে ১৬ গোল করে উঠে এসেছিল ফাইনালে। দুবারই ব্রাজিলের কাছে হেরে রানার্সআপ!এবার তাই অন্য পথ ধরেছে আর্জেন্টিনা? খারাপ খেলে এগোনোর পথ! শুরুতেই বলিভিয়ার কাছে হারতে হারতে ড্র। এর আগে সব মিলে যে বলিভিয়ার বিপক্ষে ৩০ ম্যাচের ২২টিই জিতেছে আর্জেন্টিনা, হেরেছে ৬টি। কোপা আমেরিকায় আগের ১৩ ম্যাচের ১০টিতেই জয়ী আর্জেন্টিনা। সেই বলিভিয়ার কাছেই হেরে যাওয়ার শঙ্কায় কাল কী কাঁপাটাই কাঁপল আলবিসেলেস্তিরা!আরও একবার সমালোচকদের মুখ বন্ধ করার সুযোগ হারালেন লিওনেল মেসি। আকাশি-নীল জার্সি গায়ে নীল লজ্জাই কুড়ালেন। কোপার শুরুটা ভালো হলো না বার্সেলোনার হয়ে ৫৩ গোল করার তৃপ্তি নিয়ে মাঠে নামা মেসির। নিজের ছায়া হয়ে থাকা মেসিও ম্যাচ শেষে বলেছেন, ‘এই ফলাফল আমাদের কাছে অপ্রত্যাশিত। এ কারণে আমরা আসলেই ব্যথিত। গ্রুপে এর পরের দুটো ম্যাচ আমাদের জিততেই হবে।’ সাহসী বলিভিয়াকেও বাহবা দিয়েছেন, ‘তারা বলের পেছনে পেছনে ছুটেছে, ভালো রক্ষণদেয়াল গড়ে তুলেছে। আর সেই দেয়াল আমরা ভাঙতে পারিনি।’এই ড্রয়ে দুটো পয়েন্ট হাতছাড়া হয়ে গেলেও আর্জেন্টিনার জন্য কোয়ার্টার ফাইনালের পথ অবশ্য এখনো প্রশস্ত। তিন গ্রুপের দুটো সেরা দলের পাশাপাশি তৃতীয় হওয়া দলগুলোরও দুই সেরা দল যাবে কোয়ার্টার ফাইনালে। মেসি অবশ্য বলছেন, ‘এই গ্রুপে আমাদের আর দুটো ম্যাচ আছে (কলম্বিয়া আর কোস্টারিকার বিপক্ষে) ওই দুটো ম্যাচ জিততেই হবে।’মেসি অবশ্য মাথা ঠান্ডা রাখার পরামর্শই দিচ্ছেন, ‘এখন আমাদের ভালো করে ভেবে দেখতে হবে ভুল কোথায় হলো, যাতে আমরা জয়ের ধারায় ফিরতে পারি। আমাদের শান্তই থাকতে হবে। আমরা প্রত্যাশা অনুযায়ী ভালো শুরু করতে পারিনি। এখন শুধু পরের ম্যাচগুলোতে এর চেয়েও ভালো খেলতে হবে।’সেই ভালো খেলায় কিন্তু নেতৃত্ব দিতে হবে মেসিকেও। এএফপি।