অনুতপ্ত আফ্রিদি অধিনায়ক মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ‘আমি বলের গন্ধ শোঁকার চেষ্টা করছিলাম। মনে হলো বলে কিছু লেগে আছে, মুখ দিয়ে তা সরানোর চেষ্টা করছিলাম।’ ‘আমি জানি না হঠাত্ আমার কী হয়ে গেল যে, এমন পাগলামো করে বসলাম। আমি ঠিক করিনি, সবার কাছে এ জন্য ক্ষমা চাইছি। যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক, এমনটা করা মোটেও ঠিক হয়নি। আমার উদ্দেশ্য ছিল স্রেফ বোলারদের সাহায্য করা, কিন্তু আমার পদ্ধতিটি ছিল ভুল। তবে ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি, এমনটা আর কখনো হবে না।’একই ঘটনায় একজন মানুষেরই দুই রকম প্রতিক্রিয়া। প্রথমটি ছিল বল টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়ার পর এবিসি রেডিওর কাছে শহিদ আফ্রিদির তাত্ক্ষণিক প্রতিক্রিয়া। তবে টিভি ক্যামেরায় এত পরিষ্কার সব ধরা পড়েছে যে, নিজেও হয়তো বুঝেছেন এসব বলে কোনো লাভ নেই। পরবর্তী প্রতিক্রিয়ায় তাই কৃতকর্মের জন্য অনুতপ্ত আফ্রিদি ক্ষমা চেয়েছেন।তবে নিজের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে আবার নতুন এক বিতর্কের সূত্রপাতও হয়তো করে ফেলেছেন আফ্রিদি, ‘বিশ্বে এমন কোনো দল নেই, যারা বল টেম্পারিং করে না। আমার পথটা ছিল ভুল, আমি সত্যিই বিব্রত।’ দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে বসেই দেখতে হবে আফ্রিদিকে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে টস করতে নামবেন শোয়েব মালিক।এই ম্যাচের জন্য মালিককে অধিনায়ক করায়ও শুরু হয়েছে বিতর্ক। দলের সহ-অধিনায়ক হিসেবে নেতৃত্ব পাওয়ার কথা কামরান আকমলের। অধিনায়কত্ব নিয়ে ঝামেলার শেষ এখানেই নয়। অসমর্থিত সূত্রের খবর, ইন্তিখাব আলমের সঙ্গে গণ্ডগোল করে এরই মধ্যে অস্ট্রেলিয়া ছেড়েছেন অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। এদিকে অস্ট্রেলিয়ায় পাকিস্তানের জঘন্য পারফরম্যান্স তদন্ত করে দেখার জন্য ওয়াসিম বারির নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে পিসিবি। ওয়েবসাইট।